উর্বশী রাউতেলাকান চলচ্চিত্র উৎসব ২০২৬ শেষ হয়ে গেলেও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে চর্চা যেন থামছেই না। প্রতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনি তাঁর গ্ল্যামারস সাজ-পোশাকও কারোর নজর এড়ায় না। ফি বছর সে দেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন নায়িকা। কখনও প্রশংসা পান আবার কখনও বা সমালোচিত হন। এবার কানে টানা ১০দিন ছিলেন অভিনেত্রী। আর শেষদিনে নায়িকার কফিকাপের আকারের ব্যাগ নিয়ে সবাইকে অবাক করে দিলেন।
সম্প্রতি তিনি এএমএফআর গালাতে অংশ নিয়েছিলেন, যা কানের এমন একটি অনুষ্ঠান যেখানে বিশ্বের সবচেয়ে বড় তারকারা উপস্থিত থাকেন। উর্বশীর সিলভার গাউন সবার নজর কেড়েছিল। তবে অভিনেত্রীর চেয়ে তাঁর হাতের ব্যাগটি বেশি নজর কেড়েছে সকলের। খবরের শিরোনামে উঠে এসেছে নায়িকার কফিকাপের আদলে ব্যাগ। উর্বশীর এসপ্রেসো মার্টিনি গ্লাসের আকৃতির একটি জমকালো ব্যাগ। গাঢ় মোকা-রঙা ক্রিস্টাল দিয়ে তৈরি এই নজরকাড়া ব্যাগটি আলোর নীচে ঝিকমিক করছিল এবং দেখতে প্রায় হুবহু সেই বিখ্যাত ককটেল গ্লাসের মতোই লাগছিল। এই ব্যাগটি এখন সবার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
উর্বশী তাঁর ব্যাগটি এমনভাবে ধরেছিলেন, যেন তিনি সত্যিকারের এক কাপ কফি ধরে আছেন। এর আগেও উর্বশীর তোতাপাখির আকারের ব্যাগ নিয়ে চর্চা হয়েছিল বিশাল। অভিনেত্রীর এসপ্রেসো মার্টিনি-স্টাইলের ব্যাগটি বিখ্যাত ব্র্যান্ড জুডিথ লাইবার ডিজাইন করেছে। ছোট্ট এই হ্যান্ডব্যাগের দাম ৫.৫ লক্ষ টাকা। এটি অত্যন্ত সূক্ষ্মভাবে ডিজাইন করা, যেখানে অসংখ্য ক্রিস্টাল ব্যবহার করে এসপ্রেসো কফির একটি রূপ দেওয়া হয়েছে, যা ছবিতে একেবারে আসল বলে মনে হয়। এ দিন যে পোশাকটি উর্বশী পরেন, সেটি ছিল জোলি পলি ক্যুচারের ২০২৫-২৬ ব্রাইডাল কালেকশনের ‘প্যান্থিয়ন অরোরা’ গাউন, বিশেষ ভাবে তৈরি। যার দাম কয়েক কোটি টাকা।
২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজগোজ বাবদ নাকি খরচ করেছিলেন প্রায় ১৩০০ কোটি টাকা। প্রতি বছরের মতো এই বছরও কান-এ উর্বশীর সাজ-পোশাক ছিল অন্য সকলের চেয়ে আলাদা। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি সাজই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। কফিকাপের আগে তিনি রানীর মুকুটের আকৃতিতে ডিজাইন করা একটি ব্যাগও নিয়েছিলেন।