রশ্মিকা বিজয়ের বিয়ের ছবি শিরোনামে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি, চার হাত এক হয়েছে তারকা জুটির। ২০২৬ সালের সবচেয়ে হাই-প্রোফাইল বিয়ের মধ্যে 'ভিরোশ' প্রথম সারিতেই থাকবে। উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বিয়ে। বিয়ের পরবর্তী আরও একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারকা দম্পতি। ৪ মার্চ হায়দ্রাবাদে তারকাখচিত গ্র্যান্ড রিসেপশনের আয়োজন হয়।
বিজয়- রশ্মিকার বিয়েতে কত খরচ হয়েছিল?
তারকা দম্পতি প্রায় ৩ কেজি সোনার গয়না পরেছিলেন বিয়েতে। রশ্মিকার গায়ে ছিল ২ কেজি সোনার গয়না এবং বিজয় ১ কেজি সোনার গয়না পরেছিলেন। ১২৩ তেলেগুতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, দম্পতির বিয়ের মোট খরচ ছিল প্রায় ১২ কোটি টাকা। আবার কিছু প্রতিবেদনে বিয়ের বাজেট ২০ কোটি টাকা বলা হয়েছে। শোনা যাচ্ছে, তারকা দম্পতি OTT প্ল্যাটফর্মে তাঁদের বিয়ের ডিজিটাল স্বত্ব বিক্রি করতে চাননি। চর্চা, তাঁদের নাকি ৬০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
যদিও বিয়ের বাজেট নিয়ে নবদম্পতি কোনও মন্তব্য করেননি। তবে এটা নিশ্চিত যে, বিজয় -রশ্মিকার বিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলির মধ্যে একটি। এর আগেও, বেশ কিছু দক্ষিণী তারকা জাঁকজমকপূর্ণ বিয়ে করে আলোচনায় এসেছেন।
দক্ষিণ ভারতীয় তারকাদের ব্যয়বহুল বিয়ে
জুনিয়র এনটিআর ২০১১ সালে বিয়ে করেছিলেন। প্রায় ৩,০০০ ভিআইপি অতিথি বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়েতে ১০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। রিপোর্ট অনুসারে, জুনিয়র এনটিআরের স্ত্রী লক্ষ্মী ১ কোটি টাকা দামের শাড়ি পরেছিলেন। ৩০০ জন কর্মী মিলে তৈরি করেছিলেন বিয়ের আসর এবং খরচ হয়েছিল ১৮ কোটি টাকা।
আল্লু অর্জুন, স্নেহা রেড্ডিও জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে করেছিলেন। ২০১১ সালেই বিয়ে করেন তাঁরা। জুটির প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৯০-১০০ কোটি টাকা।
রাম চরণ এবং উপাসনা ২০১২ সালে বিয়ে করেছিলেন। তাঁদের বিয়ের বাজেট অজানা। তবে এটি দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলির মধ্যে একটি। অমিতাভ বচ্চন এবং শ্রীদেবীর মতো তারকারা এই জাঁকজমকপূর্ণ বিয়েতে উপস্থিত ছিলেন।
বরুণ তেজ এবং লাবণ্য ত্রিপাঠী ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। সেখানে মাত্র ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে প্রায় ১৭ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানা গেছে। লাবণ্য ১০ লক্ষ টাকা মূল্যের একটি শাড়ি পরেছিলেন।
নয়নতারা এবং বিগনেশ শিবান ২০২২ সালে মহাবালিপুরমে বিয়ে সেরেছিলেন। অতিথিদের তালিকায় শাহরুখ খান এবং রজনীকান্তও ছিলেন। এই দম্পতি তাঁদের বিয়ের ডিজিটাল স্বত্ব নেটফ্লিক্সের কাছে বিক্রি করেছিলেন, যা বিয়ের পুরো খরচ বহন করেছিল। তারকা দম্পতি এবং নেটফ্লিক্সের মধ্যে ২৫ কোটি টাকার চুক্তি হয়েছিল।