রূপা গঙ্গোপাধ্যায়তিনি টলিউডের দাপুটে অভিনেত্রী। আবার রাজনীতির ময়দানেও তিনি সফল। হিন্দি সিরিয়ালে কাজ করে জাতীয় স্তরে সকলের মন করেছিলেন। ছবির জন্য গান গেয়ে পেয়েছিলেন জাতীয় পুরষ্কার। কথা হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে। বি আর চোপড়ার 'মহাভারত'-এ দ্রৌপদীর ভূমিকায় দেখা গিয়েছিল রূপাকে। এই চরিত্রে তাঁর কাজ এতটাই মনোমুগ্ধকর ছিল যে, বহু বছর পরেও বি-টাউনে আলোচনায় থাকেন অভিনেত্রী। নিজের শক্তিশালী অভিনয় দিয়ে রূপা প্রতিটি দৃশ্যে প্রাণ সঞ্চার করেছিলেন। এই ধারাবাহিক তাঁকে রাতারাতি তারকা করে তুলেছিল।
কীভাবে কেরিয়ার শুরু?
সলমন খান, অক্ষয় কুমারের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন রূপা। তবে 'মহাভারত'-র মাধ্যমে খ্যাতি অর্জন পান জাতীয় স্তরে। এছাড়া বাংলা ইন্ডাস্ট্রিতেও বারবার নিজের দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করেন। রূপাকে ১৯৮০-র দশকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হত। তিনি জাতীয় পুরস্কার বিজয়ীও। ১৯৮৬ সালে, 'নিরুপমা' টেলিফিল্ম দিয়ে অভিনয়ে জগতে পা রাখেন রূপা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা, হিন্দির পাশাপাশি, দক্ষিণী ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী।
হিন্দি দর্শকরা রূপে শেষবার ২০১৭ সালের 'ম্যায় ক্ষুদিরাম বোস হু' ছবিতে পর্দায় দেখেছেন। এরপর বলিউডের কাজে তাঁকে আর দেখা যায়নি। যদিও বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ সক্রিয় তিনি। গত বছর, দেবের 'রঘু ডাকাত'-এ অভিনয় করেছেন। এই ছবি নিয়ে নানা চর্চাও হয়। দেব, তৃণমূল- কংগ্রেসের সাংসদ এবং রূপা বিজেপি নেত্রী। এর ফলে অনেকেই প্রশ্ন তোলেন তাঁদের একসঙ্গে কাজ করা নিয়ে। রূপার হাতে আরও বেশ কয়েকটি কাজ রয়েছে।
রূপার ব্যক্তিগজীবন
১৯৯২ সালে ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেন রূপা। ধ্রুব, পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তবে, ২০০৭ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। রূপা ও ধ্রুবর একটি ছেলে রয়েছে। বিবাহবিচ্ছেদের পর, বাঙালি গায়ক দিব্যেন্দু মুখোপাধ্যায়ের প্রেমে পড়েন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, তাঁরা দীর্ঘদিন সহবাস করেন। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। শোনা যায়, রূপা তাঁর প্রথম বিয়েতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। 'সচ কা সামনা' রিয়্যালিটি শোতে রূপা প্রকাশ করেছিলেন যে স্বামীর চাপে অভিনয় ছেড়ে দিয়েছেন।
আত্মহত্যার চেষ্টা
স্বামীর এই ব্যবহার ও আচরণে বিরক্ত ছিলেন অভিনেত্রী। এমনকী সেসময় ধ্রুব, রুপাকে কোনও টাকাও দিতেন না। এই কারণে, আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন রূপা। বারবার স্বামীর কাছে টাকা ভিক্ষা করতে বাধ্য হতেন। তিনি জানান, এই সমস্ত কিছুর কারণে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শোতে পলিগ্রাফ পরীক্ষার সময় রূপা প্রকাশ করেছিলেন যে 'মহাভারত'র শ্যুটিংয়ের সময় একজন সহ-অভিনেতার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যদিও তিনি সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।