Samay Raina: ইউটিউবেই ১০ লক্ষ চ্যানেল মেম্বার সময় রায়নার, বিতর্ক পেরিয়ে বিশ্ব রেকর্ড

গুগল ইন্ডিয়ার ব্লগে সময়ের এই সাফল্যের কথা তুলে ধরেছে ইউটিউব। শুধু ভিডিও তৈরি নয়, দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে কীভাবে একটি বড় কমিউনিটি গড়ে তুলেছেন তিনি, সেটিও উল্লেখ করা হয়েছে। দাবা নিয়ে তাঁর ভিডিও, গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে মজার কথাবার্তা এবং 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর জনপ্রিয়তা, সব মিলিয়ে তাঁর চ্যানেল অনুরাগীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে।

Advertisement
ইউটিউবেই ১০ লক্ষ চ্যানেল মেম্বার সময় রায়নার, বিতর্ক পেরিয়ে বিশ্ব রেকর্ডইউটিউবেই ১০ লক্ষ চ্যানেল মেম্বার সময় রায়নার
হাইলাইটস
  • গুগল ইন্ডিয়ার ব্লগে সময়ের এই সাফল্যের কথা তুলে ধরেছে ইউটিউব
  • দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে কীভাবে একটি বড় কমিউনিটি গড়ে তুলেছেন তিনি, সেটিও উল্লেখ করা হয়েছে
  • দাবা নিয়ে তাঁর ভিডিও, গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে মজার কথাবার্তা এবং 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর জনপ্রিয়তা, সব মিলিয়ে তাঁর চ্যানেল অনুরাগীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে

একেই বলে কামব্যাক। ইউটিউবে এক নয়া ইতিহাস তৈরি করলেন ভারতীয় কমেডিয়ান সময় রায়না। যতদূর খবর, তাঁর চ্যানেলের মেম্বার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। বিশ্বের প্রথম ইউটিউবার হিসেবে তিনি এই নজির গড়েছেন। ইউটিউব নিজেই এই নয়া রেকর্ডের কথা জানিয়েছে। 

এই তো এক বছর আগেই বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন সময়। তাঁর জনপ্রিয় শো বন্ধ হয়ে গিয়েছিল। কেরিয়ার নিয়েও তৈরি হয়েছিল হতাশা। সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছেন তিনি। এবার আন্তর্জাতিক স্তরে নতুন রেকর্ড করে ফেললেন সময়।

গুগল ইন্ডিয়ার ব্লগে সময়ের এই সাফল্যের কথা তুলে ধরেছে ইউটিউব। শুধু ভিডিও তৈরি নয়, দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে কীভাবে একটি বড় কমিউনিটি গড়ে তুলেছেন তিনি, সেটিও উল্লেখ করা হয়েছে। দাবা নিয়ে তাঁর ভিডিও, গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে মজার কথাবার্তা এবং 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর জনপ্রিয়তা, সব মিলিয়ে তাঁর চ্যানেল অনুরাগীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে।

ভারতে বাড়ছে পেইড মেম্বারশিপের জনপ্রিয়তা
বদলে যাচ্ছে ভারত। আর সেটা প্রমাণ করেছেন সময়। তাঁর এই সাফল্য ভারতের ডিজিটাল কনটেন্ট দুনিয়ার আরও একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পছন্দের ক্রিয়েটরদের বিশেষ কনটেন্ট দেখার জন্য এখন টাকা খরচ করতেও পিছপা হচ্ছেন না দর্শকরা।

ইউটিউবের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে ভারতে ১২ লক্ষের বেশি দর্শক অন্তত একটি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ কিনেছিলেন। একই সময়ে ভারতীয় ক্রিয়েটরদের মেম্বারশিপ থেকে আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।

বিতর্ক থেকে কামব্যাক সময়ের
আজ সাফল্যের শীর্ষে পৌঁছেছেন সময়। তবে এই সাফল্যের পিছনে রয়েছে কঠিন একটা অধ্যায়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর শো 'ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট'-এর একটি এপিসোড ঘিরে বড় বিতর্ক তৈরি হয়। ওই অনুষ্ঠানে ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাহবাদিয়ার একটি মন্তব্য নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি দ্রুত আইনি জটিলতায় পৌঁছয়। রণবীর, সময় এবং অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথির বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। পরে অনুষ্ঠানের প্যানেলিস্টরা ক্ষমাও চান।

Advertisement

বিতর্কের পর নিজের ইউটিউব চ্যানেল থেকে 
'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর সব এপিসোড সরিয়ে দেন সময়। তবে দীর্ঘদিন বিরতিতে থাকেননি। 'স্টিল অ্যালাইভ' নামে স্ট্যান্ড আপ স্পেশাল নিয়ে ফের মঞ্চে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালে নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়ে বিতর্কিত শোয়ের দ্বিতীয় সিজনও নিয়ে আসেন।

শো ফেরানো নিয়ে একসময় অনিশ্চিত ছিলেন সময়
দ্বিতীয় সিজনের শেষ পর্বে নিজের কঠিন সময়ের কথা বলেছিলেন সময়। সেই সময় মানসিকভাবে কতটা বিপর্যস্ত ছিলেন, সেটাও জানান। এমনকী, নিজের শো আবার ফিরবে কি না, তা জানতে চ্যাটজিপিটির কাছেও প্রশ্ন রেখেছিলেন তিনি।

সময় বলেন, 'কানাডায় থাকার সময় আমি অবসাদে ভুগছিলাম। চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতাম, সময় রায়না কবে আবার নিজের শো ফিরিয়ে আনতে পারবে বলে মনে হয়? চ্যাটজিপিটি উত্তর দিত, এখনই বলা যাচ্ছে না। তখন আমি লিখতাম, দয়া করে হ্যাঁ বলো। শোটি এভাবে ফিরে আসবে, তা আমার কল্পনাতেও ছিল না।'

বর্তমানে ইউটিউবে সময়ের সাবস্ক্রাইবার সংখ্যা ১ কোটি ২৪ লক্ষেরও বেশি। তার সঙ্গে এবার যোগ হল ১০ লক্ষ চ্যানেল মেম্বার। বিতর্ক, আইনি জটিলতা এবং দীর্ঘ অনিশ্চয়তা পেরিয়ে এই সাফল্য সময়ের কেরিয়ারে নতুন অধ্যায় খুলে দিল।
 

POST A COMMENT
Advertisement