
বিগ বসে যাচ্ছেন সায়ক?বাংলায় 'বিগ বস'-এর দুটো সিজনের পর বেশ কয়েক বছর এই রিয়্যালিটি শো আর হয়নি। তবে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন করে শুরু হতে চলেছে বিগ বস বাংলা। সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই হয়তো শুরু হতে পারে এই দমদার রিয়্যালিটি শো। আর এই শোয়ে প্রতিযোগী কারা কারা আসবেন, তা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় জল্পনা কিন্তু তু্ঙ্গে। তালিকায় রয়েছেন তাবড় তাবড় তারকা থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। যদিও কেউই এখনও নিশ্চিত করে কিছুই জানাননি। আর এরই মাঝে উঠে আসছে আরও এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা কনটেন্ট ক্রিয়েটারের নাম। টলিপাড়ার জোর গুঞ্জন, সৌরভের বিগ বসে প্রতিযোগী হয়ে যাচ্ছেন সায়ক চক্রবর্তী।
চলতি বছরের গোড়ার দিক থেকেই সায়ককে নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। পার্কস্ট্রীটের এক রেস্তোরাঁয় ভুলবশত গরুর মাংস পরিবেশন করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে। যার কেন্দ্রে ছিলেন সায়ক। থানা-পুলিশ, অভিযোগ-পাল্টা অভিযোগ, নীতি পুলিশ এই সবের চক্করে পড়ে শিরোনামে ছিলেন সায়ক। একাধিক অভিযোগে বিদ্ধ হন ইনফ্লুয়েন্সার। যে কারণে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট পোস্ট করা নিয়ে কিছুদিন দূরেই ছিলেন সায়ক। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষত শুকিয়েছে। ফের নিজের মতো করে কাজ শুরু করেছেন সায়ক। আর এই বিতর্ক-চর্চার মাঝেই নাকি বিগ বস বাংলার প্রস্তাব গিয়েছে জনপ্রিয় এই ইউটিউবারের কাছে।

টলিপাড়ায় সায়কের বিগ বস-এ যাওয়া নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে সায়ক এবারের বিগ বস বাংলা প্রতিযোগী হচ্ছেন। কারণ এই শো .র্বদাই এমন কোনও প্রতিযোদীদের খোঁজেন, যাঁদের অতীতে কোনও কেচ্ছা-কেলেঙ্কারি কিংবা বিতর্ক রয়েছে। আর সেদিক থেকে দেখতে গেলে বিগ বস-এর সেই তালিকায় একেবারে ফিট সায়ক। এ প্রসঙ্গে bangla.aajtak.in সায়কের সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা তথা ইউটিউবার একেবারে আকাশ থেকে যেন পড়লেন। সায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, কই না তো!আমার কাছে কোনও প্রস্তাব আসেনি তো। সায়ক গুঞ্জন উড়িয়ে দিলেও টলিপাড়া বলছে, এই বছর বিগ বসের বাড়িতে জমিয়ে খেলতে চলেছেন এই ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সায়কের 'বিগ বস'-এ এন্ট্রির কথা।
এর আগে জানা গিয়েছিল, এই 'কন্ট্রোভার্সিয়াল শো'-এর অন্দরে থাকার জন্য প্রস্তাব গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরত জাহানের কাছে। যশ ও নুসরত নাকি শো-এর প্রস্তাব গ্রহণ করেছেন। যদিও তাঁদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তালিকাতেই উঠে এসেছে বাংলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার ননসেন (nonsane), অর্থাৎ শমীক অধিকারীর নামও। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হয়েছেন, নাকি শেষ পর্যন্ত না বলেছেন, তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও টলিপাড়ার একাধিক চেনা মুখেদেরও দেখা যেতে পারে বিগ বসের বাড়িতে, সেরকমটাই শোনা যাচ্ছে।