
জিতু-সৃজলাকে নিয়ে কী বক্তব্য শনের?'বিগ বস' বাংলার ঘরে সৃজলার সঙ্গে জুটি বেঁধেই যাওয়ার কথা ছিল অভিনেত্রীর চর্চিত প্রেমিক শন বন্দ্য়োপাধ্যায়ের। কিন্তু প্রিমিয়ারের ডান্স শ্যুটের সময়ই চোট পান তিনি পায়ে। আর যে কারণে এই বছর বিগ বস হাউসে তিনি প্রবেশ করতে পারেননি। অপরদিকে, কখনও দুর্নিবারের সঙ্গে আবার কখনও বা জিতু কমলের সঙ্গে নাম জড়িয়েছে সৃজলার। শুধু তাই নয়, জিতু প্রেম প্রস্তাবও দিয়েছে শনের প্রেমিকাকে। এমনকি তিনি হাতে লিখে সৃজলাকে প্রেমপত্রও পাঠান। সেখানে লেখা ছিল ‘আই লাভ ইউ...’। এর আগে সৃজলাকে একা ক্যামেরার সামনে বসে নিজের মনের টানাপড়েনের কথা প্রকাশ করতে দেখা যায়। বিগ বস-এর কোনও কিছুই অজানা নয় শনের কাছে। কী বলছেন অভিনেতা?
শন-সৃজলার সম্পর্ক
প্রসঙ্গত, 'মন ফাগুন' সিরিয়াল থেকেই শন ও সৃজলার ঘনিষ্ঠতা বাড়ে। যদিও কখনও তাঁরা সম্পর্কের কথা স্বীকার করেননি। রিয়াল শেষ হওয়ার পরে অবশ্য সৃজলা নিজেকে সিঙ্গল বলে দাবি করতেন। কিন্তু গত বছর থেকে সৃজলা-শনের মধ্যে আবার ঘনিষ্ঠতা বাড়ে। অভিনেত্রীর পারিবারিক বিপদে পাশে ছিলেন শন। সম্প্রতি শনকে বিগ বসের ঘরে জিতু-সৃজলার রসায়ন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি স্পষ্ট জানান যে যে বিগ বসের ঘরে যা ঘটছে, তা দেখে মনে হচ্ছে অভিনেতার ওখানে না গিয়ে আখেরে ভাল হয়েছে। কারণ ওখানে যা ঘটছে, তা একেবারেই শনের চরিত্রের সঙ্গে খাপ খায় না।

ডিসেম্বরে বাগদান হওয়ার কথা
শনের পা এখনও ঠিক হয়নি সম্পূর্ণভাবে। কিন্তু তাও প্রথমদিকে তিনি সৃজলাকে সমর্থন করে পোস্ট দিচ্ছিলেন। এমনকী, সৃজলার আঘাত লাগার ঘটনাটিরও তীব্র নিন্দা করেন। কিন্তু তারপর যা যা ঘটেছে, সেগুলো সবই চোখে পড়েছে শনের। পায়ের চোট সারিয়ে ডিসেম্বরেই কাজে ফেরার কথা রয়েছে। নিজের সুস্থ হয়ে ওঠার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাঁকে মাঝে মধ্য়েই পোস্ট করতে দেখা যায়। কয়েক মাস আগে শোনা যাচ্ছিল, এ বছরের শেষেই শন-সৃজলা বাগদান পর্ব সারতে পারেন। যদিও সংবাদমাধ্যমকে শন জানান যে এমন কোনও পরিকল্পনা আপাতত তাঁর নেই। হলে সকলেই জানতে পারবেন। তাহলে কি সৃজলার সঙ্গে সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিলেন শন?

জিতু-সৃজলার রসায়ন
গত সপ্তাহেই জিতু কমল সৃজলাকে তাঁর মনের কথা জানিয়েছেন। যদিও সৃজলা তাঁর উত্তরে কী বলেছেন তা এখনও কেউ জানেন না। তারই মাঝে সোমবারের পর্বে জিতুকে নমিনেশন থেকে বাঁচাতে নিজের চুলের বিসর্জন দিয়েছেন সৃজলা। এরপর জিতুকে অভিনেত্রীর চুলে ওয়েল ম্যাসাজ করতেও দেখা যায়। তবে মঙ্গলবার ফ্যামিলি উইক-এর সৃজলার দিদি লিমা এসে বেশ কিছু বিষয়ে সতর্ক করেন অভিনেত্রীকে। সৃজলাকে স্পষ্ট বলেন যে তাঁর বাইরে একটি সুন্দর জীবন রয়েছে, জিতুর কথায় যেন সে প্রভাবিত না হয়।

শনের ইঙ্গিতপূর্ণ পোস্ট
অপরদিকে, এই সবের মাঝে শনের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। শন তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, কিছু উত্তর খোঁজা বন্ধ করলেই পাওয়া যায়। তাহলে কি সৃজলার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না শন? উত্তর পাওয়া যাবে সৃজলার ঘর থেকে বেরোনোর পরই।