
বিদেশে আটকে টলি নায়িকামধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সম্প্রতি দুবাইয়ের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। আর যে কারণে টলিউড ও বলিউডের একাধিক তারকারা দুবাইতে গিয়ে ফেঁসে গিয়েছেন। সম্প্রতি প্যারিসে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। কিন্তু ইরানের মিসাইল হামলার পর তাঁদেরও বিমান বাতিল হয়ে গিয়েছে। আর যে কারণে অভিনেত্রী ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়ও প্যারিসেই আটকে পড়েছেন। কবে কলকাতা ফিরতে পারবেন, তা জানা নেই তাঁদের।
সন্দীপ্তা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে গোটা ঘটনাটি জানান। অভিনেত্রী বলেন, আমাদের বিমান প্যারিস থেকে দুবাই হয়ে কলকাতায় আসার কথা ছিল। কিন্তু তা বাতিল হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি কীভাবে কলকাতায় ফেরা যায়। প্রসঙ্গত, বর সৌম্যর সঙ্গে প্যারিসে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। ফিনল্যান্ডে গিয়ে বরফ নিয়ে খেলাও করতে দেখা যায় তাঁকে। কিন্তু বাড়ি ফেরার সময় এরকম বিপদে যে পড়বেন তিনি তা তিনি বুঝতেও পারেননি।

শনিবারই দুবাইতে ছেলে ইউভানকে নিয়ে পৌঁছেছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর হঠাৎ করে এরকম পরিস্থিতি তৈরি হওয়ার ফলে তিনিও ছেলেকে নিয়ে আটকে পড়েছেন। শুভশ্রী ও ছেলে ইউভান হোটেলেই রয়েছেন। জানা গিয়েছে, নায়িকা ও ইউভান যে হোটেলে রয়েছেন তার আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তিত শুভশ্রীর পরিবার। তবে রাজ চক্রবর্তীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুভশ্রী ও ইউভান দুজনেই হোটেলে সুরক্ষিত রয়েছেন। দুবাইয়ের পরিস্থিতি খারাপ হতে শুরু করলে ওখানকার সরকার বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেয়। যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। রাজের ওখানে বন্ধুবান্ধব ও আত্মীয়রাই দেখাশোনা করছেন শুভশ্রী ও ইউভানের।

তবে শুধু শুভশ্রী নন, বলিউডের বেশ কিছু তারকাও দুবাইতে গিয়ে আটকে পড়েছেন। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করা হয়েছে। এই সংঘাত আবহে ইরান, ইজরায়েল যেমন নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে, তেমনই দোহা ও দুবাই বিমানবন্দরেও শয়ে শয়ে বিমান ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার ১১টি দেশকে High Risk Zone ঘোষণা করে পূর্ব নির্ধারিত সব ফ্লাইটের রুট বদল করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। নোটাম থাকার কারণে এই দেশের আকাশসীমা এড়িয়ে বিমানের রুট পুনর্ববিন্যাস করতে হবে বলে জানানো হয়েছে।