অনুপম রায়টলিপাড়ায় এখন শুধুই সুখবর। একের পর এত তারকা মা-বাবা হচ্ছেন। গত ১৭ অগাস্ট বাবা হয়েছেন গায়ক অনুপম রায়। স্ত্রী প্রস্মিতা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যদিও নিজের প্রেগন্যান্সির খবর একেবারেই গোপনে রেখেছিলেন গায়িকা। একেবারে সন্তান জন্মের সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন অনুপম ও তাঁর গায়িকা স্ত্রী। শিল্পীদম্পতির জীবনের এই নতুন এবং সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখন অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বাবা হিসাবে অনুপমের একেবারে প্রথম অভিজ্ঞতা আর তারই মাঝে ছেলেকে কোলে নিয়ে ধরা দিলেন গায়ক।
অন্তঃসত্ত্বা অবস্থা থেকে শুরু করে হাসপাতালের দিনগুলো—পুরো বিষয়টিই বেশ আড়ালে রেখেছিলেন অনুপম-প্রশ্মিতা। তবে পুত্রসন্তানের জন্মের সুখবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় আনন্দের জোয়ার বয়ে যায়। সম্প্রতি প্রস্মিতা তাঁর অন্তঃসত্তবা অবস্থার ছবি শেয়ার করেছেন। এবার পিতৃত্বের স্বাদ নিতে দেখা হল খোদ গায়ককে। সদ্যোজাতকে কোলে নিয়ে অনুপম কখনও হাঁটছেন আবার কখনও ছেলের দিকে একদৃষ্টে তাকিয়ে আবার কখনও ছেলেকে নিয়েই টিভিতে ফুটবল দেখছেন। আবার কখনও বা রাতজাগার অবসরে একরত্তিকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছেন নতুন বাবা। আর এই পুরো দৃশ্যের আবহে বেজে চলেছে অনুপমেরই কণ্ঠে গাওয়া জনপ্রিয় গান—‘ব্যথা নেই’।
বাবা-ছেলের এই ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের। এর আগে প্রস্মিতা মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছিলেন যে মাতৃত্বের প্রতিটি মুহূর্তের জন্য তিনি জীবনের কাছে কৃতজ্ঞ। তবে এখনই ছেলের মুখ সামনে আনেননি অনুপম ও প্রস্মিতা। দাম্পত্যের খাতায় সবেমাত্র দু'টি বছর পূর্ণ হয়েছে। আর এর ঠিক পরেই অনুপম রায় এবং প্রস্মিতা পাল-এর সংসারে এসেছে নতুন অতিথি। এখন এই খুদেকে নিয়েই দিনযাপন শুরু তাঁদের। মা-বাবা দুজনেই গানের দুনিয়ার মানুষ তাই ছোট থেকেই যে সুরের মধ্যে থাকবে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এর আগে অনুপম রায়ের দুটি বিয়ে হলেও, সেই বিয়ে থেকে কোনও সন্তান ছিল না গায়কের। তাই বলা চলে অনুপমের এই তৃতীয় বিয়ের পর তিনি প্রথমবার পিতৃত্বকে অনুভব করলেন। অপরদিকে, প্রস্মিতারও এটা দ্বিতীয় বিয়ে আর প্রথমবার মা হওয়া। ২০২৪ সালে বিয়ে করেন অনুপম ও প্রস্মিতা। বলে রাখা ভাল, গত বছর জুনে মা হয়েছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া। পরমব্রত ও পিয়ার কোলেও এসেছে পুত্রসন্তান।