বিয়ে করছেন সাহেব-সুস্মিতা?তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর সম্পর্কের কথা। যদিও তাঁরা নিজেরা এই বিষয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেই রয়েছেন। দুজনকে একসঙ্গে একাধিক জায়গায় দেখা যায়। সাহেবের পরিবারেও পাকাপাকি জায়গা করে নিয়েছেন সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, ছাব্বিশের নাকি বিয়ে করবেন সাহেব ও সুস্মিতা। টলিপাড়ায় এই গুঞ্জন ক্রমশঃ জোরালো হচ্ছে।
ইন্ডাস্ট্রির সূত্রের খবর, ২০২৬-এর শেষে কিংবা ২০২৭-এর শুরুতে নাকি চারহাত এক হওয়ার কথা চলছে। যদিও এই নিয়ে সাহেব বা সুস্মিতার পক্ষ থেকে সেভাবে কিছুই জানানো হয়নি। শোনা যাচ্ছে, ব্যক্তিগত পরিসরে তাঁরা নাকি বাগদানও সেরে ফেলেছেন। কিন্তু এইসব কিছু নিয়ে কোনও কথা বলতেই রাজি নন এই জুটি। সম্প্রতি সাহেবের মা ও বোনের সঙ্গে সুস্মিতাকে একফ্রেমে দেখার পর জল্পনা আরও বেড়েছে। তবে বিয়ে বা বাগদান এই দুটো খবরে এখনই সিলমোহর দিতে রাজি নন সাহেব।
কথা সিরিয়াল থেকেই সাহেব ও সুস্মিতার চর্চিত প্রেমপর্বের শুরু। প্রথমদিকে তাঁরা নিজেদের ভাল বন্ধু বলে দাবি করলেও কোনো কিছুই যে গোপন করে রাখা যায় না এই ইন্ডাস্ট্রিতে তা স্পষ্ট। সাহেবের পারিবারিক অনুষ্ঠানেও সুস্মিতাকে দেখা যায়। শুধু তাই নয়, বেঙ্গালুরুতে সাহেবের বোন ও জামাইবাবুর বাড়িতেও সুস্মিতা ঘুরে এসেছেন। সব মিলিয়ে টলিপাড়ায় তাঁদের প্রেম নিয়ে চর্চা এখন তুঙ্গে।
প্রসঙ্গত, একসময় সুস্মিতা তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন। ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন। বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর। কথা সিরিয়ালে অভিনয় শুরুর পর থেকেই সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আর সেই সময়ই প্রেম ভাঙে সুস্মিতার।
এই মুহূর্তে সাহেব ব্যস্ত নতুন ধারাবাহিকের গঙ্গার শ্যুটিং নিয়ে। অন্যদিকে সুস্মিতারও নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা। সব মিলিয়ে সাহেব-সুস্মিতার কবে বিয়ে হয়, সেইদিকেই তাকিয়ে তাঁদের ভক্ত-অনুরাগীরা।