কাঞ্চন-শ্রীময়ীর প্রেগন্যান্সি শ্যুটদ্বিতীয় সন্তান আসার খবর কেউ জানতেই পারেননি। শনিবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তান হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন টলিপাড়ার সবচেয়ে চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। প্রথম সন্তান আসার আগে ঠিক যেভাবে সবটা গোপনে রাখার পর ধীরে ধীরে শ্রীময়ী তাঁর প্রেগন্যান্সি জার্নি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও সেই একই গোপনীয়তা বজায় রাখলেন। সাধের ছবির পর এবার প্রেগন্যান্সি শ্যুটের ছবিও সামনে চলে এল কাঞ্চন-শ্রীময়ীর।
চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো, ব্রালেট ও জিন্স, শ্রীময়ীর মুখে চওড়া হাসি। উন্মুক্ত বেবিবাম্প নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সামনে হাঁটু মুড়ে বসে স্বামী কাঞ্চন। স্ত্রীর বেবিবাম্প আগলে চুমু দিচ্ছেন তিনি। কাঞ্চন ও শ্রীময়ীর এই প্রেগন্যান্সি শ্যুটের ছবি দেখে আপ্লুত নেটপাড়া। প্রসঙ্গত, ৫৬ বছরে তিন সন্তানের বাবা কাঞ্চন। এখনও হাসপাতালে রয়েছেন নবজাতক ও শ্রীময়ী। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এর আগে কৃষভির জন্মের পর এই ধরনের শ্যুট সামনে এসেছিল। দ্বিতীয় সন্তান আসা নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই তারকা দম্পতি। মেয়ে কৃষভির সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ।
এক সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন যে গত বছর নভেম্বর মাসে পুরী থেকে ফেরার পরই তিনি জানতে পারেন তাঁর প্রেগন্যান্সির কথা। ২৯ বছরে দুবার মা হওয়া নিয়ে অভিনেত্রীকে উৎসাহ দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অগাস্টে শ্রীময়ীর সন্তান প্রসবের কথা থাকলেও জুলাই শেষেই সুখবর দেন কাঞ্চন-পত্নী। সন্তান জন্মের খবর দেওয়ার পর শ্রীময়ী তাঁর সাধের ছবিও সকলের সঙ্গে শেয়ার করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত কাঞ্চন-পত্নীকে যত্ন সহকারে সাধ খাইয়েছেন। তবে দ্বিতীয় সন্তান আসা নিয়ে প্রথম থেকেই ভীষণ সাবধানী ছিলেন শ্রীময়ী। পরিবার ও ঋতুপর্ণা ছাড়া আর কেউ জানতেন না শ্রীময়ীর দ্বিতীয়বার মা হওয়ার খবর।
২০২৪ সালে প্রথমে আইনি ও পরে সামাজিক বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। যদিও তাঁদের প্রেম থেকে বিয়ে সবটাই ছিল ভীষণভাবে চর্চিত। সে বছর নভেম্বরেই প্রথম কন্যাসন্তান কৃষভির জন্ম। চেটেপুটে আপাতত মাতৃত্ব উপভোগ করছিলেন অভিনেত্রী। তারই মাঝে গত ২৫ জুলাই ফের সুসংবাদ। তারকা দম্পতি নিজেরাই দ্বিতীয় সন্তান জন্মের সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানান, ‘আজ আমাদের হৃদয় পূর্ণ হল। কৃষভির ছোট ভাই কৃষিভের জন্ম হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চারজনের হল। আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ শ্রাবণ মাসে পুত্রসন্তানের বাবা হয়ে আনন্দে ভাসছেন প্রাক্তন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। সব কিছু ভালো হবে বলেই আশাবাদী তিনি।