স্বস্তিকা মুখোপাধ্যায়টলিপাড়ায় স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ওজন বৃদ্ধি নিয়ে কোনওদিনই সেভাবে ভাবিত ছিলেন না। যেটা যখন মনে হয়েছে সেটাই পরেছেন তিনি, ট্রোলডও হয়েছেন। তবে এবার নিজের শরীর নিয়ে একটু হলেও সচেতন হয়েছেন স্বস্তিকা। বেশ অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে এসে অভিনেত্রী জানালেন তাঁর ওজন কমানোর সিক্রেট।
সম্প্রতি স্বস্তিকা এক পডকাস্টে বলেন, 'আমার ওজন কমাতে প্রায় এক বছর সময় লেগেছে। আমি সারাদিনে একটা মিল খাই।' তবে এত কিছুর মধ্যেও স্বস্তিকা তাঁর মিষ্টিপ্রেমকে ভুলতে পারেননি। তিনি বলেন বিবি পায়রা শ্যুটিংয়ের সময় তিনি প্রচুর মালপোয়া খেয়েছেন অভিনেত্রী। এমনকী পাওলির আধা খাওয়া মালপোয়াও স্বস্তিকা খেয়েছেন। শুধু কি তাই, শ্যুটিংয়ে নারকেলে চিনি মাখিয়েও খেয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী তাঁর মিষ্টির প্রতি এত অনুরাগ নিয়ে বলেন, 'আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার এত চল। বাবার (সন্তু মুখোপাধ্যায়) হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে পাতে একটু মিষ্টি লাগবেই। কোল্ডড্রিঙ্কস আমি মাসে একটা খেলাম।' এছাড়াও শরীরচর্চা বলতে স্বস্তিকা তাঁর পোষ্য সাবিত্রীকে নিয়ে যখন বেরোন, তখন প্রায় দেড়ঘণ্টা হাঁটেন।
কিছু মাস আগেও স্বস্তিকা তাঁর ওজন কমার প্রসঙ্গে তাঁর এক অনুরাগীকে বলেছিলেন যে তিনি গত ৬ মাস ধরে তাঁর ওজন কমানোর জার্নিতে রয়েছেন। স্বস্তিকা সে সময়ও জানিয়েছিলেন যে ৩০-৪৫ মিনিট ব্রিস্ক ওয়াক এবং দিনে একটাই মিল। রুটি, ভাত, পাউরুটি কিছুই তিনি খান না। তবে অভিনেত্রী এটাও জানিয়েছিলেন যে তাঁর পক্ষে মিষ্টি বা চকোলেট বাদ দেওয়া সম্ভব নয়। তাই মেদ হয় এমন খাবার থেকে তিনি দূরেই থাকতেন।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় এই ওয়ান মিল আ ডে ডায়েট খুব চর্চায়। এই ডায়েট অনুসরণ করলে, ব্যক্তি দিনে মাত্র এক বার খাবার খাবেন। করণ জোহর থেকে শাহরুখ খান, বলিউডেও কিন্তু এই ডায়েট ফলো করার হিড়িক পড়েছে। স্বস্তিকাও এই ডায়েট মেনেই নিজের ওজন কমিয়েছেন। সম্প্রতি স্বস্তিকা ও পাওলি দামের বিবি পায়রা ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকদের কাছে দারুণ সাড়া ফেলেছে এই ছবি।