
সায়নীর জায়গায় তৃণমূলের যুব সভাপতি অর্ণবছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। কিছুদিন আগেই তৃণমূলের সাংসদ সায়নী ঘোষকে দলের যুব সভাপতির পদ দেওয়া হয়েছিল। কিন্তু সেই পদ পাওয়ার পর পরই ভোল পাল্টে ফেলেন যাদবপুরের তারকা সাংসদ। ১৯ জন বিদ্রোহী সাংসদের তালিকায় নাম রয়েছে সায়নীরও। আর দলের কাছে সেই খবর পৌঁছাতেই তড়িঘড়ি সাংসদের নতুন পদ কেড়ে নেওয়া হয়। সায়নী ঘোষের জায়গায় তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব দেওয়া হল ছোটপর্দার চেনা মুখ অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। টেলিভিশনের চেনা মুখ অর্ণব ও তাঁর স্ত্রী ময়না দুজনেই তৃণমূলের পাশে এই খারাপ সময়েও দাঁড়িয়ে ছিলেন। যদিও কোনওদিন অন্য তারকাদের ভিড়ে তাঁকে দেখা যায়নি। তবে অর্ণবের কথায়, তিনি প্রথম থেকেই এই দলের সঙ্গে ছিলেন।

এক সংবাদমাধ্যমকে অর্ণব এ প্রসঙ্গে বলেন, প্রথম দিন থেকে আমি তৃণমূল কংগ্রেস দলটার সঙ্গে ছিলাম। আমি এই দলটাকে ভালোবাসি। সুতরাং সেই দলে আমাকে দায়িত্ব দেওয়া হলে ভাল তো অবশ্যই লাগবে। আমি চেষ্টা করব ভালভাবে কাজ করার। সৎ ভাবে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করব। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় এবং পরবর্তীকালে দলের যে শোচনীয় অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে যুব সভাপতির দায়িত্ব পাওয়া যে চ্যালেঞ্জিং হবে, তা অর্ণব মেনে নিয়েছেন। এখন কঠিন সময় যে দলের চলছে, তা অর্ণব জানেন। তবে অভিনেতার বিশ্বাস এই পরিস্থিতি চিরস্থায়ী নয়।

অর্ণব জানিয়েছেন, তাঁর মাথার ওপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তাঁদের দেখানো পথেই চলার চেষ্টা করবেন তিনি। নির্বাচনের আগে বেহালা পূর্ব বিধানসভার প্রার্থীর হয়ে প্রচারে পা মিলিয়েছিলেন অর্ণব। সোশ্যাল মিডিয়াতেও দলের হয়ে প্রচার করেছেন তিনি ও তাঁর স্ত্রী। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রাক্তন রাজ্য সরকারের ভরাডুবির পরে যখন সকলেই তৃণমূলের সমালোচনা করছেন, দলের একাধিক নেতা সরে দাঁড়াচ্ছেন, গোটা টলিউড জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন অধিকাংশ অভিনেতা - অভিনেত্রী, সে সময়ে দল এবং সুপ্রিমোর পাশে ছিলেন অর্ণব ও তাঁর স্ত্রী ময়না বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তাঁরা বলেছিলেন, পরিস্থিতি যাই হোক, তাঁরা সব সময় তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন, থাকবেন। তারই পুরস্কার পেলেন অর্ণব, মতামত একাংশের। বেশ কিছু বছর ধরেই অর্ণব ও তাঁর স্ত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ছোটপর্দার চেনা মুখ তাঁরা। পার্শ্বচরিত্রে অভিনয় করেই তাঁরা খ্যাতি পেয়েছেন। বাংলা মিডিয়াম, খড়কুটো, ভিডিও বৌমা সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন অর্ণব। তাঁর স্ত্রী ময়না বর্তমানে রয়েছেন 'বাবলি সুন্দরী' ধারাবাহিকে।