শ্বেতা-রুবেলবিয়ের একবছর হয়েছে, তাতে কী, প্রেম একফোঁটাও কম হয়নি টেলিপাড়ার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের। তাঁদের মাখো মাখো প্রেমের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে এবারে যেটা করলেন, তা দেখে দর্শকদের মুখ হাঁ হয়ে গিয়েছে। সকলের সামনেই রুবেলের মুখ একেবার নিজের ঠোঁটের কাছে নিয়ে এলেন শ্বেতা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
টেলিপাড়ার লাভ বার্ডস নামেই পরিচিত শ্বেতা ও রুবেল। দুজনেই এক সিরিয়ালে কাজ করতেন আর সেখান থেকেই তাঁদের প্রেমপর্ব শুরু। বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গত বছর বিয়ে করলেন শ্বেতা ও রুবেল। আর বিয়ের পর তাঁদের রোম্যান্স একটুও কমেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, রুবেলের চোখে লাল পট্টি বেঁধে দিচ্ছেন বিশ্বনাথ। অভিনেতা পাঞ্জাবি ও ধুতি পরেছেন। এরপর মুখে ধরা মিষ্টি। সামনে দাঁড়িয়ে তাঁর সুন্দরী স্ত্রী শ্বেতা।
রুবেল এরপর ধীরে ধীরে এগিয়ে গেলেন শ্বেতার দিকে। তারপর সবার সামনেই স্ত্রী শ্বেতাকে তাঁর মুখে থাকা মিষ্টি খাইয়ে দিলেন। শ্বেতাও রুবেলের মুখে থাকা মিষ্টি থেকে একটু কামড়ে নিলেন। এরপর ঠিক উল্টেটা হল। শ্বেতার চোখে লাল পট্টি আর মুখে ধরা মিষ্টি। রুবেলের দিকে এগিয়ে গেলেন অভিনেত্রী। রুবেলের হাত বাঁধা। আর এরপর যেটা হল সেটা দেখার পর দর্শক এবং মঞ্চে উপস্থিত সকলেই হাঁ হয়ে গেলেন। রুবেল একটু দুষ্টুমি করছিল, কাছে আসতে চাইছিলেন না। শ্বেতাও ছাড়ার পাত্র নন। জোর করে রুবেলের মুখ তাঁর সামনে নিয়ে এলেন। শ্বেতার মুখে থাকা মিষ্টি থেকে এক টুকরো কামড়ে খেলেন রুবেলও। এই পুরোটাই অবশ্য ঘটেছে রিল দুনিয়ায়।
আসলে জি বাংলার বৈশাখী হুল্লোড়ে এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যমুনা ঢাকি সিরিয়াল থেকে রুবেল ও শ্বেতার প্রেমপর্বের শুরু। এরপর বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর বিয়ে করেন তাঁরা। বিয়ের পর পরই তাঁদের শ্যুটিং থাকায় হানিমুনে যেতে পারেননি এই জুটি। তবে বিয়ের একবছর হতে না হতেই বরফে ঘুরতে চলে যান রুবেল ও শ্বেতা। বরফের মাঝেই তাঁদের রোম্যান্টিক ছবিও ভাইরাল হয়। কিছুদিন আগেই শেষ হয়েছে রুবেলের সিরিয়াল। আর শ্বেতার হাতেও এখন কিছু নেই। এখন চুটিয়ে সংসার করছেন এই তারকা দম্পতি।