
উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানআগামী ৩ সেপ্টেম্বর থেকে উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান হতে চলেছে রাজ্য জুড়ে। মঙ্গলবার নন্দনে এই বিষয় নিয়ে তথ্য-সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শান্তিলাল সাহা,দেব, পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত-সহ উত্তম কুমারের পরিবারের সদস্যেরা। এই বৈঠকে জানানো হয় যে ৩ সেপ্টেম্বর থেকে আগামী ৪দিন ধরে চলবে এই অনুষ্ঠান।
কী কী পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের?
৩ থেকে ৬ সেপ্টেম্বর চলবে এই অনুষ্ঠান। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, একতারা মঞ্চ ও রাধা স্টুডিও জুড়ে উত্তম কুমারকে নিয়ে সিনেমা, সেমিনার, সঙ্গীত-নৃত্য পরিবেশিত হবে। পারফর্ম করবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা শিল্পীরা। কলকাতা শহরের নানা জায়গায় উত্তমকুমারের ছবি দিয়ে সাজানো হবে। ৩ সেপ্টেম্বর সকাল আটটায় আহিরিটোলায় উত্তমকুমারের মূর্তির সামনে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হবে। বৃহস্পতিবারই সকাল ন’টায় টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তির সামনে মালা দেওয়া হবে। যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও প্রসেনজিৎ, যিশু-আবিররাও থাকবেন। ৩ সেপ্টেম্বর সন্ধে ৬টা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে ইন্ডাস্ট্রির মানুষ তো থাকবেনই, তাঁরা ছাড়াও উত্তমকুমারের সঙ্গে কাজ করেছেন যে অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, তাঁরাও আসবেন। শোভাযাত্রাটি সমগ্র নন্দন চত্বর এবং রবীন্দ্র সদন মেট্রো-সংলগ্ন এলাকা পরিক্রমা করবে। এছড়াও এদিন দিনভর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

ট্যাবলয়েড গাড়ি
উত্তমকুমারকে শ্রদ্ধা জানাতে বেশ কয়েকটি ট্যাবলয়েড গাড়িও বানানো হয়েছে, সেগুলি সারা শহর জুড়ে ঘুরবে। উত্তমকুমারের নানা ছবির দৃশ্য দিয়ে তৈরি হয়েছে সেই অভিনব গাড়ি। শুক্রবার উত্তমকুমার নামাঙ্কিত প্রস্তাবিত চলচ্চিত্র কেন্দ্রের উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরাও।

উত্তম-চলচ্চিত্র উৎসব
বিকেল চারটেয় উত্তমকে নিয়ে তৈরি চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। উদ্বোধনী ছবি ‘নায়ক’। নন্দন, রাধা স্টুডিও সহ বিভিন্ন হলে উত্তমকুমারের বেশ কিছু সিনেমা দেখানো হবে। তবে এখনও ঠিক হয়নি কোন কোন ছবি দেখানো হবে। সন্ধ্যা ৭টায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে মহানায়ককে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘মহানায়ক: আ সুপারস্টার জার্নি’ দেখানো হবে। ছবিটি তৈরি করেছেন স্বপন দাস।

গানে গানে উত্তম স্মরণ
সঙ্গীতের মাধ্যমেও উত্তমকুমারকে শ্রদ্ধা জানানোর আয়োজন রয়েছে। এই অনুষ্ঠানটি ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠান সৃজনে রয়েছেন দেবজ্যোতি মিশ্র ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। এগুলো ছাড়াও একাধিক অনুষ্ঠান-সেমিনার, বিশেষ প্রদর্শনী থাকছে চারদিন ধরে।