
রচনা বন্দ্যোপাধ্যায়'দিদি নম্বর ১' বলতেই চোখের সামনে ভেসে ওঠে একজনেরই মুখ। তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৫ বছর ধরে এই অনুষ্ঠানের মুখ ছিলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছে ‘দিদি নম্বর ১’ এবং রচনা যেন ছিল একে অপরের পরিপূরক। কিন্তু আচমকাই নন-ফিকশন শোগুলিতে আমূল বদল ঘটে গেল। 'দিদি নম্বর ১' নতুন ফরম্যাটে শুরু হতে চলেছে। এই শো থেকে বাদ দেওয়া হয়েছে রচনাকে এবং তার আগে নিয়ে আসা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই শো জনপ্রিয় হতে শুরু করেছিল রচনারই হাত ধরে। তবে মাঝে দু’বার তিনি বাদ পড়েছিলেন। আবার ফিরেও এসেছিলেন। গত ১৭ বছরে ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকার মুখ বদল হয়েছে একাধিক বার। দেখে নিন কারা কারা ছিলেন দিদি নম্বর ১-এর সঞ্চালিকা।
পুষ্পিতা মুখোপাধ্যায়
২০০৯ সাল থেকে শুরু হয় দিদি নম্বর ১। এই রিয়্যালিটি অনুষ্ঠানের শুরুতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। সেই সময় পাড়ায় পাড়ায় গিয়ে এই গেম শো চলত। তবে দিদি নম্বর ১-এর মাত্র একটি সিজন সঞ্চালনা করে ছেড়ে দেন পুষ্পিতা। ব্যক্তিগত কারণেই এই শো ছাড়েন পুষ্পিতা।

রচনা বন্দ্যোপাধ্যায়
২০১০ সাল থেকে দিদি নম্বর ১-এর সঙ্গে যুক্ত হন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে টেলিভিশনে সঞ্চালনার কাজ করা নিয়ে খানিক দ্বিধাগ্রস্ত ছিলেন বলেই বিভিন্ন সাক্ষাৎকারে জানান অভিনেত্রী। রচনা জানান, অনুষ্ঠানের নির্মাতারা তাঁকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। রচনা আরও জানান, সেই সময়ে যেহেতু নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন, তাই টিভির পর্দায় মুখ দেখানো নিয়ে বেশ দ্বিধায় ছিলেন।

জুন মালিয়া
রচনার দিদি নম্বর ১-এর দায়িত্ব নেওয়ার বছর দুই পর ফের সঞ্চালিকা বদল হয়। এই শোয়ের সিজন ৩-তে সঞ্চালিকা হিসাবে দেখা যায় অভিনেত্রী জুন মালিয়াকে।

দেবশ্রী রায়
চতুর্থ সিজনে রচনাকে নিয়ে আসা হলেও পঞ্চম সিজ়নে ফের মুখ বদল হয় এই অনুষ্ঠানের। ২০১৩ সালে এই অনুষ্ঠানের সঞ্চালিকা দায়িত্ব নেন অভিনেত্রী দেবশ্রী রায়। শোনা যায়, সেই সময়ে নাকি পারিশ্রমিক নিয়ে মতবিরোধের জেরেই সরে দাঁড়ান রচনা।

রচনা ফেরেন আবার
ষষ্ঠ সিজন থেকে এই শোয়ে পাকাপাকিভাবে ফিরে আসেন রচনা। একটানা একগুলো সিজন সঞ্চালনা করেন তিনি। মাঝে অবশ্য বেশ কয়েক বার তাঁর অনুমতি নিয়ে অন্য কয়েক জন সঞ্চালককে দেখা গিয়েছে, যাঁদের মধ্যে অন্যতম হলেন মীর। দিদি নম্বর ১ শোকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছানোর জন্য রচনার ভূমিকা অনস্বীকার্য। সিনেমা, টেলিভিশন থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাংলার একাধিক মহিলাদের লড়াইয়ের গল্পকে তুলে ধরেছিলেন রচনা। তাঁকে ছাড়া এই শো একেবারেই ভাবা যায় না।

স্বস্তিকা মুখোপাধ্যায়
রাজ্যে পালা বদলের পর থেকেই শোনা যাচ্ছিল যে রচনা আর এই শো করবেন না। মাঝে শ্বেতা-রুবেলকে এই শো সঞ্চালনা করতে দেখা গেলেও পরে শোনা যায় একেবারে নতুন মোড়কে আসছে দিদি নম্বর ১ আর সেখানে নতুন দিদি হিসাবে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে স্বস্তিকার সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ান’-এর প্রচার-ঝলক। সোমবার রাত ১০টা ১৫ মিনিট থেকে দেখা যাবে এই নতুন দিদি নম্বর ১।