চিনতে পারছেন এই খুদেকে?ডেনিমের ডাংরি আর সাদা রঙের টি-শার্টে একরত্তি মায়ের কোলে। ক্যামেরার দিকে একদৃষ্টে তাকিয়ে। ছোট থেকেই ক্যামেরায় পোজ দিতে ওস্তাদ এই হিরো। বর্তমানে টেলি দুনিয়ার হার্টথ্রব এই খুদে। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বেশ কিছু সিরিয়ালে তাঁকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। সিনেমাতেও মুখ দেখিয়ে ফেলেছেন। নায়কের মা তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেছেন। এই খুদেকে দেখলে চেনা যাবে না, তিনি ছোটপর্দার জনপ্রিয় নায়ক।
তারকারা মাঝে মধ্যেই তাঁদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন। তবে টেলিপাড়ার এই নায়ক সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় থাকেন না। খুব কমই নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনেন। বিয়েও করেছেন টেলিভিশনের এক অভিনেত্রীকে। দুজনেই এখন চুটিয়ে সংসার করছেন। আজকের দিনে ইনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বিশেষ করে একটি জনপ্রিয় ধারাবাহিকের সুবাদে ঘরে ঘরে তিনি এখন পরিচিত ‘উচ্ছেবাবু’ নামে। এবার আর বুঝতে কোনও অসুবিধা নেই কার কথা বলা হচ্ছে।
এই ছোট্ট শিশুটি আর কেউ নন, সকলের প্রিয় আদৃত রায়। তাঁর এই খুদে বয়সের ছবি শেয়ার করেছেন আদৃতের মা মৌসুমী রায়। আদৃত রায়-এর শৈশবের এই ছবি এখন নেটপাড়ায় সুপার ভাইরাল। তিনি ক্যাপশনে লিখেছেন, তখনও আমার পৃথিবী ছিল, এখনও আমার পৃথিবী আছে। বয়স যতই হোক না কেন, আমার কাছে সব সময় ছোটটি থাকবি।
বছর কয়েক আগে ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে যে জনপ্রিয়তার জোয়ার এসেছিল, তাতে আজও ভাসছেন তিনি। সিদ্ধার্থ মোদকের সেই গাম্ভীর্য আর মিষ্টি প্রেমের রসায়ন বাঙালির ড্রয়িংরুমে তাঁকে কার্যত ঘরের ছেলে করে তুলেছিল। তাঁকে সবাই উচ্ছেবাবু বলেই চিনতেন। তবে শুধু ছোটপর্দা নয়, বড় পর্দাতেও আদৃত তাঁর জাত চিনিয়েছেন আগেই। আদৃতকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল মিত্তির বাড়িতে। বছর ঘোরবার আগেই শেষ হয় এই মেগা। ‘মিঠাই’ শেষ হওয়ার পর তিনি নিজেকে খানিকটা সময় দিয়েছিলেন বড় ক্যানভাসের জন্য।
এসভিএফের ‘পাগল প্রেমী’ ছবিতে তাঁর কাজ দর্শক মহলে বেশ চর্চিত হয়েছিল। সেখানে তাঁর চকোলেট বয় ইমেজের বাইরে বেরিয়ে অভিনয়ের এক অন্য ধারা খুঁজে পেয়েছিলেন ভক্তরা। কিন্তু শ্যুটিংয়ের কাজ প্রায় শেষ হলেও এই ছবি আপতত বাক্সবন্দী হয়ে পড়ে রয়েছে। এরই মাঝে আবার কবে আদৃতকে ছোটপর্দায় দেখা যাবে, সেই আশাতেই রয়েছেন তাঁর ভক্তরা।