
কনীনিকা-সুদীপারান্নার শোগুলির মধ্যে 'রান্নাঘর' বহুদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। দেশ-বিদেশ সহ স্থানীয় সব পদ নিয়ে হাজির হন তারকা থেকে সাধারণ মহিলারাও। বহু বছর ধরে এই 'রান্নাঘর' শো সঞ্চালনা করতেন সুদীপা চট্টোপাধ্যায়। সেই সময় এই রান্নাঘর-এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ছিল। সুদীপার পর এই শোয়ের সঞ্চালিকা হিসাবে যোগ দেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঞ্চালনায় এই শো আবার নতুন করে প্রাণ খুঁজে পায়। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য গল্প। নতুন রূপে, নতুন মোড়কে আসতে চলেছে জি বাংলার রান্নাঘর। আর তার সঙ্গে বদলে যাচ্ছে সঞ্চালিকাও।
সুদীপা চট্টোপাধ্যায়ের জুতোয় পা গলিয়েছিলেন কনীনিকা। প্রায় দেড় বছর ধরে রান্নাঘর-এর দায়িত্বে ছিলেন তিনি। এই সময়টাকে তিনি ইতিবাচক অভিজ্ঞতা হিসেবেই দেখছেন। তাঁর কথায়, অনুষ্ঠানের জনপ্রিয়তা মোটের উপর স্থিতিশীল ছিল। মাঝেমধ্যে দর্শকসংখ্যা কিছুটা বাড়লেও তা ধরে রাখা যায়নি। তবে ছোটপর্দার দুনিয়ায় দর্শকসংখ্যাই যে শেষ কথা, তা স্বীকার করতেও দ্বিধা নেই অভিনেত্রীর। উপরন্তু এখন দর্শকদের স্বাদ বদলেছে। সেই কারণেই দর্শকদের আরও বেশি বিনোদন দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানের কাঠামোয় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে চ্যানেল।
জানা যাচ্ছে, রান্নাঘর-এ শুধু রান্না দেখানো হবে না, নতুন পর্বে রান্নার পাশাপাশি হাস্যরস ও বিনোদনের উপাদানও যুক্ত করা হবে। আর এই নতুন অধ্যায়ের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেতা বিশ্বনাথ বসুকে। একেবারে ভিন্ন অবতারে তাঁকে দেখা যাবে। শাড়ি, গয়না এবং সিঁদুরে সজ্জিত ‘শাশুড়ি মা’-র চরিত্রে হাজির হয়ে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করবেন। ইতিমধ্যেই নাকি প্রোমোর শুটিংও সম্পন্ন হয়েছে। তবে এখনই অভিনেতা এই নিয়ে কোনও মন্তব্য করেননি। চ্যানেলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

তবে শুধু রান্নাঘর নয়, জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ১-এর সঞ্চালনা নিয়েও জোর জল্পনা চলছে। জানা গিয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায় নাকি এই শো ছাড়তে চলেছেন এবং তাঁর বদলে দেখা যেতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ফলে দর্শকদের কাছে আগামী দিনে চ্যানেলের একাধিক অনুষ্ঠানে নতুন চমক অপেক্ষা করছে বলেই মনে করছে টেলিপাড়া।