
দ্বিতীয়বার মা হচ্ছেন এই নায়িকাদিন দুয়েক আগেই মেয়ে দুয়ার হাতে প্রেগন্যান্সি কিট ধরিয়ে দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করেন দীপিকা পাড়ুকোন। আর সেই রেশ কাটতে না কাটতেই আরও এক অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন তিনিও ফের মা হতে চলেছেন। মঙ্গলবার দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করলেন দেবের চ্যালেঞ্জ নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার পূজা একটি ভিডিও শেয়ার করেন। ইউটিউব চ্যানেলে পূজা যে ভিডিও শেয়ার করেছেন, সেখানেই দেখা গেল অভিনেত্রীর হাতে ধরা প্রেগন্যান্সি কিট। আর মুখে অনাবিল হাসি। মাতৃত্বের আভা পূজার গোটা শরীর জুড়ে। সেই ভ্লগেই পূজা এবং তাঁর অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানান, মা-বাবা হিসেবে আরেকবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তাঁরা। পূজা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে নিজের প্রেগন্যান্সি এবং সেই সংক্রান্ত সমস্যাকে তুলে ধরেছে। টলিউড ও বলিউড দু জায়গাতেই কাজ করেছেন পূজা।
২০২০ সালে কিছু কাছের বন্ধু ও পরিবারকে সঙ্গে নিয়ে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বিয়ে সারেন। সে বছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ জন্ম নেয়। পূজা তাঁর ভিডিওতে অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় বেশ কিছু শারীরিক সমস্যা, দুর্বলতা, ক্লান্তিকে তুলে ধরেছেন। শুয়ে আছেন মনমরা হয়ে। আর ঠিক তখনই মা-কে চাঙ্গা করতে আসরে নামে কৃষিভ। হামিতে ভরিয়ে দেয় মাকে। নিজের বেবিবাম্পও দেখিয়েছেন পূজা। তবে কবে দ্বিতীয় সন্তান আসছে, সেটা জানা যায়নি।
কলকাতারই মেয়ে পূজা। এই শহরেই তাঁর বেড়ে ওঠা। লিউডের পাশাপাশি মায়ানগরীতেও এখন চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বাংলা-বলিউডের গণ্ডি পেরিয়ে পূজা বন্দ্যোপাধ্যায় তেলুগু ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় মুখ। 'মাচো মস্তানা' হল পূজার প্রথম বাংলা সিনেমা। এরপর 'চ্যালেঞ্জ ২' (দেব-এর বিপরীতে), 'রকি', ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় করেছেন কাজ। দেখা গিয়েছে 'পাপ', ‘ক্যাবারে’ ওয়েবসিরিজে। 'কাহানি হামারে মহাভারত কি', 'তুঝ সাং প্রীত লাগাই সাজনা', ‘দেভোঁ কে দেব... মহাদেব’-এর মতো হিন্দি সিরিয়ালেও দেখা গিয়েছে পূজাকে।

গত বছর প্রযোজক শ্যামসুন্দর দে’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন পূজা। যে বিতর্ক নিয়ে সিনেইন্ডাস্ট্রির অন্দরে কম জলঘোলা হয়নি। এমনকী পূজা এও জানিয়েছিলেন যে, প্রতারিত হওয়ায় তিনি ওবং কুণাল নিঃস্ব হয়ে গিয়েছেন। কিন্তু সেসব অতীত বিতর্ক সরিয়ে এবার দ্বিতীয় সন্তানের হাত ধরে জীবনের নতুন অধ্যায়ের কথা ভাগ করে নিলেন।