Saayoni Ghosh: 'দিদি'র পাশে সায়নী, লিখলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ে প্রতি আস্থা রয়েছে'

টলিউড তারকাদের মধ্যে যাঁরা যাঁরা তৃণমূলে রয়েছেন, তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের সায়নী ঘোষ। দলের মিটিং-মিছিল সব জায়গাতেই তাঁর উপস্থিতি সকলেরই নজরে এসেছে। চব্বিশের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন সায়নী।

Advertisement
'দিদি'র পাশে সায়নী, লিখলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ে প্রতি আস্থা রয়েছে'সায়নীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সায়নীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই সব সময় দেখা গিয়েছে।

টলিউড তারকাদের মধ্যে যাঁরা যাঁরা তৃণমূলে রয়েছেন, তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের সায়নী ঘোষ। দলের মিটিং-মিছিল সব জায়গাতেই তাঁর উপস্থিতি সকলেরই নজরে এসেছে। চব্বিশের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন সায়নী। মমতার ছায়াসঙ্গী বলা চলে তাঁকে। সোমবার বঙ্গে গেরুয়া ঝড় উঠতেই থমথমে হতে শুরু করে তৃণমূল প্রার্থীদের মুখ। এরই মাঝে সায়নী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন যে তিনি দিদির পাশেই রয়েছেন। 

সায়নী এদিন একটি সাদা কালো ছবি পোস্ট করেন। যেখানে সাংসদকে দেখা যায় পিছন দিক থেকে। দিদির স্টাইলে শাড়ি পড়ে মমতার ছবির দিকে চেয়ে রয়েছেন। এক দীর্ঘ লেখা শেয়ার করে সায়নী লেখেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে বাংলার জনগণের দেওয়া রায় আমি বিনম্রচিত্তে গ্রহণ করছি। বাংলার সেই মা-মাটি-মানুষ-কে আমি ধন্যবাদ জানাই, যাঁরা সুখে-দুঃখে সর্বাবস্থায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেখানকার জনগণের সেবা করার অঙ্গীকারের পাশাপাশি নির্ভীক চিত্তে এবং শিরদাঁড়া সোজা রেখে—আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবিচল আস্থাশীল; গণতন্ত্র এবং এই মহান জাতির অখণ্ড সংহতি রক্ষার্থে আমি তাঁর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি...।

সায়নী আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমরা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করেছি—কেন্দ্রীয় সংস্থাগুলির হয়রানি থেকে শুরু করে ‘নীরব ও অদৃশ্য কারচুপি’ (Silent Invisible Rigging) পর্যন্ত; কেন্দ্রের আর্থিক অবরোধ থেকে শুরু করে ‘মিডিয়া ট্রায়াল’, গ্রেফতার, মিথ্যা মামলা—এমন সবকিছুর বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়িয়েছি। এখন থেকে এই লড়াই আরও তীব্র ও দুর্জয় হয়ে উঠবে। বাংলার এবং সমগ্র দেশের ‘মা-মাটি-মানুষ’-এর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই ন্যায়সংগত লড়াই চালিয়ে যাবে। 

তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সায়নীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই সব সময় দেখা গিয়েছে। তাঁর গলায় লোকগীতি শুনতে ভালোবাসেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, মমতার লুকস অনুকরণ করেন সায়নী। সেরকমই সুতির শাড়ি, সাদা ব্লাউজ, খোঁপা আর কপালে বড় টিপ, সঙ্গে পায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা হাওয়াই চপ্পল। সায়নী যেন ঠিক দিদির অনুকরণ। বহুবার সায়নী এই কথা শুনেছেন এবং তাঁর ভালোও লাগে এটা শুনতে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের খারাপ সময়ে পাশে রয়েছেন সায়নী।  

Advertisement

POST A COMMENT
Advertisement