প্রসেজিৎ ও সুমন ঘোষ১৯ জুন, শুক্রবার মুক্তি পেয়েছে যিশু, শুভশ্রী ও প্রসেনজিৎ অভিনীত অভিমান। আর এই ছবিতে রকস্টার আকাশ চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করে ফের সকলকে মুগ্ধ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজেকে ছকভাঙা অবতারে তুলে ধরে ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র বারংবার চিনিয়েছেন নিজের জাতকে। তবে এই ছবি মুক্তির আগেই অভিমান নিয়ে রীতিমতো উত্তেজনা ছিল তুঙ্গে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান ছবির ‘ভাবনা এবং চরিত্র চুরি’র অভিযোগ এনে বিস্ফোরক সুমন ঘোষ। সোশ্যাল মিডিয়াতেও পরিচালক নিজের বক্তব্য শেয়ার করেছেন। এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পর্দার আকাশ চ্যাটার্জি।
সুমন চট্টোপাধ্যায়ের অভিযোগ নিয়ে প্রসেনজিৎ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, 'পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সিনেশিল্পে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় পারস্পারিক মিল দেখা দিতে পারে। কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে ‘অভিমান’ ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নথিবদ্ধ করা প্রজেক্ট, যার নেপথ্যে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত। অভিনেতা হিসেবে আমার কাজ হল শুধু তা পর্দায় ফুটিয়ে তোলা। অন্য কারও সৃজনশীলতা ও বিশ্বাসের অমর্যাদা করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। সুমনের প্রতি আমার শুভেচ্ছা রইল।'
শুক্রবার সকালেই গল্প-চরিত্র চুরির অভিযোগ নিয়ে বড়সড় অভিযোগ তোলেন অভিমান টিমের বিরুদ্ধে। পরিচালকের দাবি, তাঁর স্বতন্ত্র ভাবনায় লেখা ‘স্টার’ নামক সিনেমার গল্প, চরিত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে ‘অভিমান’-এর। শুধু তাই নয়! ফেসবুকে এক খোলা চিঠিতে সুমন এও দাবি করেন যে, বিগত আড়াই বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে মূল চরিত্রে ভাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিস্তর আলোচনা করেছেন তিনি। উল্লেখ্য, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস প্রযোজিত সিনেমার গল্পও প্রসেনজিৎকে ঘিরেই আবর্তিত। আর ‘অভিমান’-এর ঝলকে এহেন মিল পেয়েই ‘স্টার’-এর ভাবনা এবং গল্প চুরির অভিযোগ এনেছেন সুমন ঘোষ।
সুমন ঘোষের এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায় ইন্ডাস্ট্রিতে। বিতর্ক যখন চলছে, তখন যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার তরফে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, ‘অভিমান’-এর মূল ভাবনাটি যিশু সেনগুপ্তর। সেখান থেকেই চিত্রনাট্য এবং সংলাপ তৈরি করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুশৃঙ্খল, সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়েই এই সিনেমা তৈরি হয়েছে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে নিজস্ব অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।