রাজ-শুভশ্রীস্বামী তৃণমূলের প্রার্থী। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক মঞ্চে কোনওদিনই দেখা যায়নি স্ত্রী তথা টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজনীতি থেকে বরাবরই দুরত্ব বজায় রেখেছেন শুভশ্রী। তবে স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুর কেন্দ্রে পুনরায় টিকিট পেয়েছেন আর সেই কারণে স্ত্রী হিসাবে শুভশ্রীকে প্রচারে যেতেই হয়েছে। নিজের পেশা ছাড়া নায়িকা কখনও কোনও রাজনৈতিক মন্তব্য করেননি। বুধবার স্বামী রাজের সঙ্গে ভোট দিয়ে বেরিয়ে বিজেপিকে খোঁচা মারতে ছাড়লেন না টলিপাড়ার ব্যস্ততম নায়িকা।
বুধবার নিজের আবাসন আরবানাতেই সকাল সকাল ভোট দিতে আসেন রাজ ও শুভশ্রী। পরনে কালো রঙের টি-শার্ট ও ডেনিম পরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছিলেন শুভশ্রী, সঙ্গে ছিলেন তৃণমূলের প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়ে এসে লেডি সুপারস্টার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একজনকেই চিনি, তিনি হলেন আমাদের মা দুর্গা। এবং প্রতিবারই মা দুর্গার সঙ্গে মহিষাসুর লড়াই করতে আসে। মা দুর্গা একাই দমন করেন। কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে। মহিষাসুর বলে একপ্রকার বিজেপিকেই খোঁচা দিলেন ইন্ডাস্ট্রির নায়িকা। আর এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করে বঙ্গবাসীকে এক নারীর একা লড়াইয়ের কথাও মনে করিয়ে দিলেন।
শুভশ্রীর কথায় এটা একেবারে স্পষ্ট যে এবারেও মমতার দলই সরকার গঠন করবে। একুশ সালের বিধ্বংসী হারের পর থেকেই বিজেপির ‘পাখির চোখ’ ছিল ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে। সেই প্রেক্ষিতেই চলতিবারে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির একেবারে গোড়া থেকেই কোমর বেঁধে পিচে নেমে পড়েছিল। বাঙালি অস্মিতায় শান দিতে ‘মাছ টু ম্যাটিনি’ কোনও কসরতই বাদ রাখেননি তারা। একুশের নির্বাচনে ব্যারাকপুর থেকে বিধায়ক পদে জয়ী হওয়ার পর ছাব্বিশেও তৃণমূল কংগ্রেস সেই রাজের ওপরই ভরসা রেখেছেন।
অপরদিকে, রাজনীতি থেকে শতহস্ত দূরে শুভশ্রীর কন্ঠেও এবার শোনা গেল রাজনৈতিক মন্তব্য। নায়িকার আশা, এবারেও একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে জয়ী হবেন। এদিন আরবানাতে সকাল সকাল স্ত্রী শুভশ্রীকে নিয়ে ভোট দিয়ে নিজের ব্যারাকপুর কেন্দ্রে চলে যান রাজ চক্রবর্তী। দিন দুয়েক আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে রাজ-রাজত্ব ফেরাতে স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেসময়ে ব্যারাকপুরকে ‘দ্বিতীয় ঘর’ বলেও সম্বোধন করেন ভক্তদের ‘লেডি সুপারস্টার’। এবার তৃণমূল সুপ্রিমোকে ‘মহিষাসুরমর্দিনী’ আখ্যা দিয়ে বিজেপিকে ‘মহিষাসুর’ কটাক্ষ শুভশ্রীর।