কলি পুরী, ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন ও এগজিকিউটিভ এডিটর ইন চিফSahitya Aaj Tak 2026-এর আসর শুরু হল নতুন প্রজন্মের সৃজনশীলতা, সাহিত্যচর্চার পরিবর্তিত ধারা এবং ভারতীয় সংস্কৃতির নানা রঙের উদ্যাপনের বার্তা দিয়ে। সাহিত্য আজতক ২০২৬-এর সূচনা করলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীরে ভাইস চেয়ারপার্সন ও এগজিকিউটিভ এডিটর ইন চিফ কলি পুরী। তিনি বললেন, 'আজকের দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় মুহূর্তের মধ্যে খ্যাতি আসছে, আবার মুহূর্তের মধ্যেই মানুষকে ভুলে যাচ্ছে সকলে। এই পরিস্থিতিতে ২৫ বছর ধরে আজতক-এর নিজের জায়গা ধরে রাখা নিঃসন্দেহে এক অসাধারণ সাফল্য। সাহিত্য আজতক-এর মঞ্চ থেকে একই কথা তিনি আগেও ন’বার বলেছেন বলেও মজা করেন। তাঁর কথায়, ‘এই একই কথা আমি এই মঞ্চ থেকে ৯ বার বলেছি। আজকের ‘ব্লিঙ্ক ইট অ্যান্ড ইউ মিস ইট’ দুনিয়ায় এটাও একটা কৃতিত্ব!’
জেন জি (Gen Z) এখন সকলের অভিধানে জায়গা করে নিয়েছে: কলি পুরী
নতুন প্রজন্মের মানসিকতা এবং সামাজিক ও জাতীয় বিষয় নিয়ে তাদের আগ্রহের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। একসময় অনেকেই মনে করতেন, তরুণ প্রজন্মের জাতীয় ইস্যুতে কোনও আগ্রহ নেই। কিন্তু যখনই তারা নিজেদের মতামত ও প্রতিবাদ সামনে এনেছে, তখন সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি পৌঁছে গিয়েছে সর্বত্র। জেন জি (Gen Z) এখন সকলের অভিধানে জায়গা করে নিয়েছে। তাঁর কথায়, রিলস এবং মিমস যেন নতুন প্রজন্মের হাতে নতুন কলম হয়ে উঠেছে। সমাজ ও সময়ের পরিবর্তিত ভাষা বুঝতে আজতক-ও সেই প্রবণতার দিকে নজর রেখেছে।
চলতি বছরকে ‘ফার্স্ট টাইমার’ বা প্রথমবার সাফল্যের স্বাদ পাওয়া মানুষদের বছর বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এশিয়ান গেমস থেকে বলিউড, রাজনীতি, বিভিন্ন ক্ষেত্রেই যাঁদের নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না, সেই আন্ডারডগরাই সবাইকে চমকে দিয়েছেন। কেউ পদক জিতেছেন, কেউ ৫০০ কোটির ছবির ক্লাবে জায়গা করে নিয়েছেন, আবার কেউ নির্বাচনে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। অর্থাৎ, যাঁদের উপর খুব বেশি মানুষ বাজি ধরেননি, তাঁরাই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখিয়েছেন।
রিলসের হাত ধরে সাহিত্যও এখন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে: কলি পুরী
সাহিত্য আজতক-এর এবারের আয়োজনও সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে বলে জানান কলি পুরী। তাঁর দাবি, এ বারের অনুষ্ঠানে ৩০০-র বেশি বক্তা ও পরিবেশনা থাকছে। তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশই প্রথমবার এই মঞ্চে আসছেন। কারণ, রিলসের হাত ধরে সাহিত্যও এখন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। নতুন মুখ, নতুন তারকা, নতুন শব্দ, সাহিত্যের জগতে এই নতুন প্রবণতাকে স্বাগত জানানোর পাশাপাশি দর্শকদেরও নতুন প্রতিভাদের উৎসাহিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজের চিন্তার পরিধি আরও বাড়ানোর কথাও বলেন।
লেখকদের নতুন পরিচিতি ও স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে শুরু হয়েছিল ‘আজতক সাহিত্য জাগৃতি সম্মান’। এ বারও সেই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। বক্তা জানান, এ বছর ৩ হাজার ৭০টিরও বেশি বইয়ের মধ্যে থেকে পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা থেকে সাত জন সাহিত্যিককে সম্মানিত করা হবে।
‘মাইক কে লাল’-এ হাজারের বেশি আবেদন
তবে সাহিত্য আজতক-এর মঞ্চ শুধু প্রতিষ্ঠিত লেখক বা সাহিত্যিকদের জন্য নয়। যাঁরা এখনও যথাযথ পরিচিতি পাননি, সেই কবিদেরও জায়গা করে দেওয়া হচ্ছে। তাঁদের জন্য রয়েছে ‘মাইক কে লাল’ মঞ্চ। এ বছর সেখানে পারফর্ম করার জন্য এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এই মঞ্চের সাফল্যের কথা বলতে গিয়ে বক্তা জানান, গত বছর যাঁরা ‘মাইক কে লাল’-এর মঞ্চে কবিতা পরিবেশন করেছিলেন, তাঁদেরই কয়েক জন এ বার বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন। একজন শিল্পীর যাত্রাপথ এত কাছ থেকে দেখা, তাঁর বেড়ে ওঠার সাক্ষী থাকা এবং তাঁকে এগিয়ে যেতে উৎসাহিত করার মধ্যে আলাদা আনন্দ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর বক্তব্যে উঠে আসে সাহিত্য আজতক-এর মূল ভাবনাও। এই মঞ্চে প্রতিষ্ঠিত ও পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বদের পাশাপাশি নতুন কনটেন্ট ক্রিয়েটর এবং উঠতি প্রতিভারাও একসঙ্গে আসার সুযোগ পান। সেখানে তাঁরা একে অপরের কাছ থেকে অনুপ্রেরণা পান, সমালোচনা শোনেন, আবার প্রশংসাও করেন। AI নতুন যুগে এই ধরনের আলোচনা ও মতের আদানপ্রদান আরও বেশি জরুরি বলে মনে করেন বক্তা। কারণ, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিল্পীদের সামনে যেমন নতুন সুযোগ তৈরি হচ্ছে, তেমনই দেখা দিচ্ছে নানা চ্যালেঞ্জ। একদিকে রয়েছে সৃজনশীলতার ক্ষমতায়ন, অন্যদিকে কপিরাইটের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্যাগুলির সমাধান একসঙ্গে বসে আলোচনা করার মাধ্যমেই খুঁজে বের করা সম্ভব।
এই প্রসঙ্গে একটি গানের লাইনও উদ্ধৃত করেন তিনি, ‘জানে ক্যায়া তুনে কহি, জানে ক্যায়া ম্যায়নে সুনি, বাত কুছ বন হি গয়ি।’ অর্থাৎ, একজন কী বললেন, অন্যজন কী শুনলেন, সেই কথোপকথনের মধ্য দিয়েই তৈরি হয়ে গেল এক নতুন বোঝাপড়া। কলি পুরীর মতে, এটাই আজতক-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সবার সঙ্গে কথা বলা এবং প্রত্যেকের বক্তব্যকে জায়গা দেওয়া।
আজতক-এর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। বলেন, 'টেলিভিশনে এক নম্বর থাকার পাশাপাশি ইউটিউবেও বিশ্বজুড়ে এক নম্বর জায়গায় রয়েছে আজতক। ইনস্টাগ্রামে ১ কোটি ৮০ লক্ষ ফলোয়ার নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলির মধ্যে সবচেয়ে বেশি অনুসরণ করা নিউজ চ্যানেল হয়ে উঠেছে তারা। তবে তাঁর কাছে সবচেয়ে আনন্দের বিষয় ‘সাহিত্য তাক’ চ্যানেলের সাফল্য। প্রতিদিন যেখানে একটি করে বইয়ের পর্যালোচনা করা হয়, সেই চ্যানেলই আজ বিশ্বের বৃহত্তম ডিজিটাল সাহিত্য মঞ্চে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে এই চ্যানেলের ফলোয়ারের সংখ্যা প্রায় ৫০ লক্ষ।'
দর্শকদের ‘লাইক’ ছাড়া চলে না: কলি পুরী
দর্শকদের ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি বক্তা। তাঁর কথায়, প্রতিটি ফর্ম্যাট এবং প্রতিটি প্ল্যাটফর্মে দর্শকরা যে ভাবে আজতককে ভালবাসা দিয়েছেন, তার জন্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। মজা করে বলেন, দর্শকদের ‘লাইক’ ছাড়া তাঁদের চলেই না। বললেন, 'আমার টিম ও আমি প্রতিদিন সেই ‘থাম্বস আপ’-এর আশাতেই কাজ করে চলেছি। দর্শকরা যেমন আজতক-কে ভালবাসা জানাতে কোনও খামতি রাখেননি, তেমনই সাহিত্য আজতক-এর অনুষ্ঠান সাজিয়ে তুলতেও আয়োজকদের তরফে কোনও খামতি রাখা হয়নি।'
এ বারের সাহিত্য আজতক-এর সাংস্কৃতিক আয়োজনেও থাকছে নানা বৈচিত্র্য। কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে এবং ভূপেন হাজারিকাকে স্মরণ করে দুটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। পাশাপাশি থাকছে রামকথা, সুফি কালাম, শামা মুশায়রা, ভজন ক্লাবিং, মাইক্রো ড্রামা, এআই ফিল্ম স্টার, ভোজপুরি পপ, হরিয়ানভি র্যাপ, হিংলিশ শায়েরি, কবি সম্মেলন এবং মিউজিক্যাল কথাবাচক।
আন্তর্জাতিক বিনোদনের নানা ফরম্যাটের সঙ্গে ভারতীয় ঐতিহ্য ও লোকসংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে নতুন ধরনের সৃজনশীল প্রকাশকে তুলে ধরাই এ বারের আয়োজনের অন্যতম লক্ষ্য। বক্তার কথায়, এখানে যেন এক দারুণ স্বাদের খিচুড়ি তৈরি হচ্ছে। ভারতীয় সৃজনশীলতার নানা রং ও প্রকাশ এই অনুষ্ঠানে একসঙ্গে ধরা দেবে। আগামী তিন দিন ধরে দর্শকরা সেই বৈচিত্র্যের প্রতিটি দিক উপভোগ করতে পারবেন।
শেষে সাহিত্য আজতক-এর সব মঞ্চ দর্শকদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, 'সাহিত্যের এই মশাল সবাইকে একসঙ্গে জ্বালিয়ে রাখতে হবে। নতুন প্রতিভাকে জায়গা দেওয়া, প্রতিষ্ঠিতদের সঙ্গে তাঁদের সংযোগ তৈরি করা এবং সাহিত্য ও সংস্কৃতির নানা ধারাকে এক মঞ্চে নিয়ে আসার মধ্য দিয়েই সেই যাত্রা এগিয়ে যাবে।'