আর্টিস্ট ফোরামের বৈঠকরাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ১৪ দিন অতিক্রান্ত। তাঁর অস্বাভাবিক মৃত্যু ও ইন্ডাস্ট্রির সুরক্ষা-নিরাপত্তা নিয়ে গত ৭ এপ্রিল প্রথম বৈঠক করে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট অভিনেতার মৃত্যু নিয়ে যতক্ষণ না সঠিকভাবে উত্তর দিতে পারছে, ততদিন এই সংস্থা ও লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কেউ কাজ করবে না। এই সিদ্ধান্তের পর টেলিপাড়ায় অনেক সিরিয়ালের সম্প্রচার ও কলা-কুশলীদের কাজকর্ম নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছিল। রবিবার ফের টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের সব সদস্য সহ একাধিক তারকারা এদিন জরুরি বৈঠকে যোগ দেন।
বৈঠকের পর আগের দিনের মতোই এ দিনও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, দেবদূত ঘোষ, দিগন্ত বাগচী, বিদীপ্তা চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, পায়েল দে প্রমুখ। এদিন প্রসেনজিৎ সাংবাদিকদের বলেন, অভিনেতা-কলাকুশলীরা ভোট দিয়ে জানিয়েছেন, কারা ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কর্ণধার জুটির সঙ্গে কাজ করতে চান, কারা চান না। বুম্বাদার কথায়, অধিকাংশ জনই ওই দুজনের সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। রাহুলের মৃত্যু এখনও অনেকেই মেনে নিতে পারছেন না। ফলে, নিরাপত্তার বিষয়টি ভাবাচ্ছে প্রত্যেককে।
এরপরই প্রসেনজিৎ বলেন যে যদি কেউ বা কারা এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চান, তাতেও আর্টিস্ট ফোরামের আপত্তি নেই। কারণ টলিউড কাউকে ব্য়ান বা বয়কট করেনি। আগামী দিনেও করবে না। প্রসেনজিৎ আরও বলেন, যত দিন না ওঁরা দু’জন নির্দোষ প্রমাণিত হচ্ছে, তত দিন ওঁদের সঙ্গে কেউ কাজ করতে রাজি নন। একই ভাবে ওঁদের সঙ্গে যুক্ত কোনও কাজও নতুন করে হবে না। যদি না প্রযোজনার হাতবদল হয়। টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ হিসাবে খ্যাত অভিনেতা-প্রযোজক-পরিচালকের দাবি, এর আগেও প্রযোজনা হাতবদল হয়ে অনেক কাজ হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ বিষয়টি মেনে নিলে ‘চিরসখা’ এবং ‘কনে দেখা আলো’র সম্প্রচার বন্ধ না-ও হতে পারে।
আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি জানিয়েছেন যে ইতিমধ্যেই দুটি ধারাবাহিকের অভিনেতারা আর্টিস্ট ফোরামের সঙ্গে কাজ হারানো নিয়ে কথা বলেছেন। সেই জায়গা থেকেই এই ভাবনা সংগঠনের। চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবে সংগঠন। তাঁর কথায়, তার পরেও বলব, সংগঠন কাউকে কাজ দিতে পারে না। কোনও সমস্যা তৈরি হলে সমাধানের রাস্তা খুঁজতে পারে মাত্র। এছাড়াও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির কাজও যে চলছে, সে প্রসঙ্গেও আশ্বাস দেন প্রসেনজিৎ।
ম্যাজিক মোমেন্টস প্রযোজনার আওতায় চলা ভোলেবাবা পার করেগার আউটডোর শ্যুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার রিজেন্ট পার্ক থানা ও তালসারি এই দুই জায়গাতেই লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।