
বিগ বস বাংলা সিজন ৩আর মাত্র ৫ দিন বাকি। তারপরই শুরু হবে বহু চর্চিত রিয়্যালিটি শো 'বিগ বস বাংলা'। গত বছর থেকেই বিগ বস বাংলা সিজন ৩ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে এই শোয়ের দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায় নেওয়ার পর থেকেই এই রিয়্যালিটি শো নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। এবার সেই অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে, খুব শীঘ্রই স্টার জলসাতে শুরু হবে এই বিগ বস বাংলা সিজন ৩। ইতিমধ্যেই এই রিয়্যালিটি শোয়ে কারা কারা প্রতিযোগী হয়ে যাচ্ছেন, তা নিয়ে প্রথম থেকেই নানান জল্পনা চলেছে। তালিকায় রয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি, টেলি অভিনেতা-অভিনেত্রী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নাম। বিগ বস বাংলা শুরু হওয়ার ৫ দিন আগে ফের কিছু নাম সামনে এল।
শোনা যাচ্ছে ফুড ভ্লগারের নাম
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ফুড ভ্লগার সৌম্যজিৎ ঘোষ, যাঁর চ্যানেলের নাম Zerowatt, তাঁর কাছে বিগ বস বাংলায় যাওয়ার প্রস্তাব গিয়েছে। এ প্রসঙ্গে সৌম্যজিৎ জানিয়েছেন, কয়েকদিন আগেই চ্যানেল ও নির্মাতাদের সঙ্গে দুটো মিটিং হয়েছে। তবে এখনও ফাইনাল আমাকে জানায়নি। যদিও সৌম্যজিৎ জানিয়েছেন যে তাঁর বিগ বসে যাওয়ার ইচ্ছে রয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সায়ক চক্রবর্তীর সঙ্গে আরও এক জনপ্রিয় ইউটিউবার সৌম্যজিৎকেও দেখা যেতে পারে।

প্রস্তাব গেছে এঁদের কাছেও
সৌম্যজিৎ-এর পাশাপাশি আরও একজনের কাছে বিগ বস বাংলার প্রস্তাব গিয়েছে। তিনি হলেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। জানা গিয়েছে, বিগ বস সিজন ৩-এ অংশ নেওয়ার প্রস্তাব এসেছিল নন্দিনীর কাছেও। কিন্তু তিনমাস ফোন ছাড়া বিগ বসের বাড়িতে বন্দি থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নন্দিনী ভট্টাচার্য। যদিও তিনি বিগ বসের ঘরে প্রতিযোগী হিসাবে অংশ নিলে আরও ভাল খেলা জমতো। এছাড়াও বিগ বস বাংলাতে যাওয়ার জন্য প্রস্তাব গিয়েছিল নাকি বিজেপি নেত্রী কেয়া ঘোষের কাছেও। তাঁর সঙ্গেও বিগ বস-এর নির্মাতাদের কথাও হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত কাজের চাপের জন্য সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী।

সম্ভাব্য প্রতিযোগী
'বিগ বস বাংলা'র সম্ভাব্য প্রতিযোগী হিসাবে নাম শোনা গিয়েছে যশ-নুসরত, মনামী ঘোষ, ভরত কল, জিতু কমল, শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, সায়ন চক্রবর্তী, দুর্নিবার সাহাদের। যদিও এখনও কেউ পাকাপাকিভাবে কিছু জানাননি। ৩০ অগাস্ট জানা যাবে সৌরভের বিগ বস বাংলা সিজন ৩-তে কারা কারা প্রতিযোগী হচ্ছেন। ক্রমেই এই শো নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। তিন মাস বন্ধ দরজার ওপারে মোবাইল, বই বা বাইরের যোগাযোগ ছাড়া উৎসবের মরসুমে কোন কোন তারকা এই কঠিন চ্যালেঞ্জ বেছে নেন, এখন সেটাই দেখার। আগামী ৩১ অগাস্ট থেকে সোম থেকে রবি রাত সাড়ে নটার সময় দেখতে পাবেন বিগ বস বাংলা সিজন ৩।