
দাদাগিরি সিজন ১১২০২৪-র মে মাসে 'দাদাগিরি আনলিমিটেড' সিজন ১০-র গ্র্যান্ড ফিনালে হয়েছিল। সকলেই অপেক্ষায় রয়েছেন কবে পরের সিজন শুরু হবে। জি বাংলার গানের রিয়্যালটি শো 'সা রে গা মা পা' শেষ হলে শুরু হবে 'দাদাগিরি'-র নতুন সিজন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চুক্তি শেষ হয়েছে জি বাংলার সঙ্গে। এতদিন অবধি প্রশ্ন ছিল 'দাদাগিরি'-র 'দাদা'কে? সেই উত্তর এখন প্রায় সকলের কাছেই কিছুটা স্পষ্ট। শুরু হয়েছে 'দাদাগিরি'-র অডিশন।
'নতুন বাংলার নতুন দাদাগিরি'-এই মূলমন্ত্রে একেবারে নতুনভাবে আসছে 'দাদাগিরি'। এবার কে সঞ্চালনা করবেন 'দাদাগিরি', এই নিয়ে বেশ কিছু মাস ধরে জল্পনা চলছে। চর্চায় উঠে আছে বেশ কিছু নাম। সে তালিকায় যেমন ছিল মেগাস্টার দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের নাম, সেরকম শোনা গিয়েছিল লিয়েন্ডার পেজের নামও। তবে শোয়ের নতুন ঝলক সামনে আসার পর, কারও আর বুঝতে বাকি নেই, এবার 'দাদা'- দেব।

উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছে 'দাদাগিরি'-র অডিশন পর্ব। ১২ জুন শিলিগুড়ি ও ১৪ জুন কোচবিহারে সকাল ৯ থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই অডিশন। চার বছরের বেশি যে কোনও মানুষ, অংশগ্রহণ করতে পারবেন। এবার অফলাইন ছাড়া অনলাইনেও অডিশন দেওয়ার সুযোগ থাকছে। দেব এখন ব্যস্ত 'দেশু৭'-র শ্যুট এবং রাজনৈতিক কাজ নিয়ে। এবছর মুক্তি পাওয়ার কথা তাঁর একগুচ্ছ ছবি। সেই সঙ্গে যোগ হচ্ছে একেবারে নতুন দায়িত্ব। শোনা যাচ্ছে জুলাই মাস থেকে সম্প্রচার শুরু 'দাদাগিরি' সিজন ১১-র। তবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এর আগে সমাজের ভিন্ন স্তরের কৃতি বাঙালি এসেছেন 'দাদাগিরি'-র মঞ্চে। 'দাদাগিরি' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শক বিপুল ভাবে এটি উপভোগ করে। শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -তেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা। ২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল এই শো। এরপর নয়টি সিজনের সঞ্চালনা করেন সৌরভ। টেলিভিশন জগতে এটাই ছিল তাঁর হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অন্যান্য সিজনের তুলনায় এই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়। এবার দেখার এই জনপ্রিয় শো সঞ্চালনার দায়ভার কে পান।