
লীনা- কনীনিকা (ছবি: ফেসবুক)গত ২৯ মার্চ, রবিবারের পর থেকে তোলপাড় টলিউড। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ সকলে। শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। এই মৃত্যু ঘিরে রয়েছে নানা ধোঁয়াশা। ইন্ডাস্ট্রির প্রায় সকলেই তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সেই সঙ্গে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন প্রায় সকলেই। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার অভিযোগ দায়ের করেছেন।
৭ এপ্রিল থেকে নিজেদের সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল টলিপাড়া। এরপর, টলিপাড়ার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়, কর্মবিরতি প্রত্যাহার করছেন তাঁরা। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স বা ওই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত কারও সঙ্গে কোনও কাজ আপাতত করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। ইন্ডাস্ট্রির নিরাপত্তাব্যবস্থা আরও কড়া করতে, আগামী পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তৈরি করা হবে আদর্শ পরিচালনা পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (এসওপি)। এছাড়া শিল্পী এবং কলাকুশলীদের জন্য তৈরি হবে বীমা।
রাহুলের দুর্ঘটনার পরে একে একে লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু তারকা। আবার অনেকে সুর চড়িয়েছেন সুরক্ষা ব্যবস্থার গাফিলতি নিয়ে। ইন্ডাস্ট্রির অন্দরে কখন কী ঘটে তা বোঝা মুশকিল। কার সঙ্গে কার সমীকরণ কেমন, সেটাও বোঝা কঠিন। গত কয়েকদিন ধরেই শিরোনামে বাংলা সিনে দুনিয়া। এবার, নাম না করে লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই পোস্টের পর থেকে জোর চর্চা শুরু হয়েছে।
কনীনিকা তাঁর ফেসবুকে লিখেছেন, "৮ বছর আগে কিয়া তখন পেটে, তিন মাসের পেমেন্ট ওরা আমায় দেয়নি, স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমাকে এক টাকাও দেবে না। তিন মাস কেটে যাওয়ার পরেও ওরা আমাকে আমার টাকা দেয়নি। আমাকে কেস করতে বলা হয়েছিল, আমি কেস করতে পারিনি কারণ আমি পাঁচ মাসের অন্ত:সত্ত্বা ছিলাম। শারীরিক সমস্যা বাড়ছিল, অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। সব ভুলে গিয়েছিলাম, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল। এটা মেনে নিতে পারছি না।"

এই পোস্টে কনীনিকা কারও নাম করেননি ঠিকই। কিন্তু আট বছর আগে তিনি জি বাংলায় ম্যাজিক মোমেন্টসের 'অন্দরমহল' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন। মেগাটি চলাকালীনই তিনি খবর পান, মা হতে চলেছেন। তাই কারও আর বুঝতে বাকি থাকে না কার উদ্দেশ্যে এই পোস্ট করেছেন তিনি। 'অন্দরমহল' ধারাবাহিকের লেখিকা ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। পরমেশ্বরী চরিত্রে কনীনিকা সকলের মন জয় করেছিলেন এই ধারাবাহিকের মাধ্যমে। অভিনেত্রীর বিপরীতে ছিলেন কৌশিক চক্রবর্তী। এছাড়াও ছিলেন চিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্তের মতো শিল্পীরা।
প্রসঙ্গত, ছোট পর্দা, বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্মের অতি পরিচিত মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। 'মহাপ্রভু' ধারাবাহিকের মাধ্যমে বিনোদন দুনিয়ায় হাতেখড়ি হলেও, তিনি সকলের নজরে পড়েন 'এক আকাশের নিচে'-র পাখি চরিত্রে। এরপর একাধিক মেগাতে কাজ করেছেন। ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে 'আয় তবে সহচরী'-তে। বর্তমানে তিনি ছোটপর্দাতে কাজ করছেন। তবে মেগা নয়, 'রান্নাঘ্র'-র সঞ্চালিকা রূপে।