Bohurupi Movie Sequel: ফিরছে বিক্রম, ঝিমলির জুটি! শিবপ্রসাদ, কৌশানীর সঙ্গে এবার উপরি পাওনা যিশু

Tollywood New Movie: 'শিমুল পলাশ' হোক কিংবা 'ডাকাতিয়া বাঁশি', আজও দারুণ হিট 'বহুরূপী'-র প্রতিটা গান। 'বহুরূপী' ফ্রাঞ্চাইজির নতুন ছবিতে রয়েছে একগুচ্ছ চমক।

Advertisement
ফিরছে বিক্রম, ঝিমলির জুটি! শিবপ্রসাদ, কৌশানীর সঙ্গে এবার উপরি পাওনা যিশু 'বহুরূপী' -র সিক্যুয়েলে বড় চমক

২০২৪-র পুজোয় মুক্তি পেয়েছিল 'বহুরূপী'। বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মাইকফলক ছুঁয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। বক্স অফিসে বিরাট লক্ষ্মীলাভ করে। এতটাই সাফল্য আসে যে, ১০০ দিন পরেও বহু প্রেক্ষাগৃহের বাইরে ঝুলতে দেখা যায় 'হাউজফুল' বোর্ড। ২০২৬-র শুরুতেই মুক্তি পেয়েছে নন্দিতা- শিবপ্রসাদ প্রযোজিত ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এবছর ২৫ বছর পার করল উইন্ডোজ। তাই বছরটা বাড়তি স্পেশাল। 'ফুল পিসি ও এডওয়ার্ড', 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু', 'ফ্যামিলিওয়ালা' আসার খবর চাউর হয়েছে আগেই। এর মধ্যে, বহু প্রতীক্ষিত 'বহুরূপী:দ্য গোল্ডেন ডাকু'-তে থাকছে বড় চমক। 

'শিমুল পলাশ' হোক কিংবা 'ডাকাতিয়া বাঁশি', আজও দারুণ হিট 'বহুরূপী'-র প্রতিটা গান। 'বহুরূপী' ফ্রাঞ্চাইজির নতুন ছবিতে রয়েছে একগুচ্ছ চমক। বিক্রম আর ঝিমলির ম্যাজিক আবারও দেখতে পাবে দর্শক। শিবপ্রসাদ, কৌশানী মুখোপাধ্যায় ছাড়াও এবারের নতুন আকর্ষণ যিশু সেনগুপ্ত। পরিচালনার পাশাপাশি, 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'-র গল্প ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা ও  শিবপ্রসাদ। সংলাপ লিখেছেন শিবপ্রসাদ। এছাড়াও রয়েছেন ইন্ডাস্ট্রির নামকরা কলাকুশলীরা। 

 

bohurupi

অন্যদিকে ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত এবং শিলাজিৎ মজুমদারের মতো শিল্পীরা রয়েছেন ছবির সঙ্গীতের দায়িত্বে। এবছর মার্চ ও এপ্রিল মাস জুড়ে ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে এবং সব ঠিক থাকলে ২০২৬-র পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  

প্রসঙ্গত, বাংলা বিনোদন জগতের বর্তমানে প্রথম সারির চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম আসে। চলচ্চিত্র পরিচালক নন্দিতা রায়ের সঙ্গে যৌথভাবে কাজ করেন শিবপ্রসাদ। প্রায় প্রতিটি ছবিই এক অন্য সুতোয় গাঁথেন এই পরিচালকদ্বয়। তাঁদের প্রযোজনা সংস্থা উইন্ডোজের মানবিক ছবিতেও উঠে আসে পারিবারিক রোজনামচার খুব চেনা ক্রাইসিস, যা দেখে যেন মনে হয় ঠিক পাশের বাড়ির গল্প। পরিচালক, প্রযোজকের চেয়ারে বসার আগে শিবপ্রসাদ সকলের মন জয় করেছেন একজন দক্ষ অভিনেতা রূপে। প্রতিবার নতুন চরিত্রের মাধ্যমে সকলের মনে ফের নিজের জায়গা করে নেন তিনি। 

Advertisement

এবছর 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' ছাড়াও আরও একটি ছবিতে অভিনেতা রূপে দেখা যাবে শিবপ্রসাদকে। সুমন ঘোষের পরিচালনায় আসছে 'ফ্যামিলিওয়ালা'। দীর্ঘদিন পরে অন্য কোনও পরিচালকের পরিচালনায় অভিনয় করবেন শিবপ্রসাদ। এছবিতে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, লিলি চক্রবর্তী, অনুসূয়া মজুমদারের মতো শিল্পীরা।
 

POST A COMMENT
Advertisement