
কাঞ্চন - পিঙ্কি (ছবি: ফেসবুক)শিরোনামে থাকেন অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)। এই তারকার জুটির নামের পাশে এবার 'প্রাক্তন' তকমা জুড়ে গেল। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আইনী বিচ্ছেদ হয়েছে কাঞ্চন- পিঙ্কির। টলিপাড়ার সূত্রের খবর, গত ১০ জানুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত।
বহুদিন ধরে দাম্পত্যে ফাটল ধরে কাঞ্চন- পিঙ্কির। যা সামনে আসে ২০২১ সালের জুন মাস নাগাদ। অভিযোগ- পাল্টা অভিযোগের পর্ব চলতে থাকে। এমনকী জল গড়ায় থানা অবধি। পিঙ্কি অভিযোগ করেন, কাঞ্চনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের। অন্যদিকে শ্রীময়ী সেসময় দাবী করেন, নেগেটিভ পাবলিসিটি হচ্ছে তাঁর নামে।

সম্পর্কের মধ্যে আইনি জটিলতা, দোষারোপ এবং পরকীয়ার অভিযোগের তীর ওছে কাঞ্চনের দিকে। এরপর ছাদ আলাদা হয় স্বামী- স্ত্রীয়ের। পরবর্তী সময়ে একে অপরের থেকেই বিবাদবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। অবশেষে 'মুক্তি' পান দু'জনে। টলিপাড়ার একাধিক সূত্রের দাবী, কাঞ্চনের থেকে মোটা টাকা খোরপোশ নিয়েছেন পিঙ্কি। তাঁদের একমাত্র ওশ এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। এজন্যে আপাতত আদালত তাকে মায়ের সঙ্গেই থাকার অনুমতি দিয়েছে।

ছোট পর্দার চেনা মুখ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে 'স্বয়ংসিদ্ধ' ও 'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকে। এছাড়াও তিনি মন দিয়েছেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। অন্যদিকে পার্টি হোক কিংবা উৎসব, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় কাঞ্চন ও শ্রীময়ীকে। টলিপাড়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, দু'জনের কেউই এবিষয় এখনও সরাসরি সিলমোহর দেননি। তবে ধীরে ধীরে অনেকটাই গোপনীয়তা আলগা করছেন ইন্ডাস্ট্রির চর্চিত 'লাভ বার্ডস'।
প্রেমের কথা স্বীকার না করলেও, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, "আমরা এই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিতে পারি। ভাল লাগার একটা ব্যাপার তো থাকবেই। সব সময় যে সম্পর্কের নাম দিতে হবে স্বামী-স্ত্রী, ভাই-বোন….সেটা নয়, আমরা বন্ধুত্বের সম্পর্কে খুব ভাল আছি।" কাঞ্চন- পিঙ্কির আইনী বিচ্ছেদের পরে, শ্রীময়ীর সঙ্গে নতুন করে সংসার পাতেন কিনা উত্তরপাড়ার বিধায়ক, তা সময়ই বলবে।