বাংলা গানের সুর টুকে Tu Mil Jaaye? এই প্রথম সত্যিটা বললেন গায়িকা মৌসুমী ভৌমিক

শাহরুখের গান প্রকাশ্যে আসার পর থেকে কিং খানের অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ নেই। অন্যদিকে গানটি নিয়ে শোনা যাচ্ছে সমালোচনাও।

Advertisement
বাংলা গানের সুর টুকে Tu Mil Jaaye? এই প্রথম সত্যিটা বললেন গায়িকা মৌসুমী ভৌমিকতু মিল যায়ে বাংলা গানের সুর টুকে বলে অভিযোগ
হাইলাইটস
  • শাহরুখের কিং গান কি বাংলা গানের সুরে?
  • মুখ খুললেন গায়িকা মৌসুমী ভৌমিক।

মাত্র কয়েকদিন আগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি কিংয়ের গান (KING) 'তু মিল জায়ে' (Tu Mil Jaaye)। আর সেই গান রীতিমতো ভাইরাল। ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে একটার পর এক রিলস। তবে গানটা নিয়ে একটি বিতর্কও শুরু হয়েছে। বাঙালি নেটিজেনদের একাংশের দাবি,গানটি একটি বাংলা গানের সুর থেকে নেওয়া। গানটি হল 'আমি শুনেছি সেদিন...'। এবার এনিয়ে মুখ খুললেন গায়িকা মৌসুমী ভৌমিক।     

বাংলার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের জনপ্রিয় গান আমি শুনেছি সেদিন...। ওই গান নিয়ে মৌসুমীকে ট্যাগ করে প্রতিক্রিয়া জানতে চান এক নেটিজেন। তার জবাবে মৌসুমী ভৌমিক লিখেছেন,'আমি এই গান আগে শুনিনি, তুমি বললে বলে শুনলাম। কিন্তু আমার তোমার মতো মনে হয়নি। আমরা ঘুরে ফিরে সকলেই একই স্বর নিয়ে খেলা করি, একই স্বরের পারমিউটেশন কম্বিনেশন। এই গানে আমার গানের ছায়া রয়েছে বলে মনে হয়নি। তাছাড়া আমি এমন কোনও অমোঘ সৃষ্টি করিনি। আনকোরা কোনও সুর করিনি, আগে কেউ কোনওদিন এমনটা করেনি, এমনটা নয়। এই স্বরের সমষ্টি আমাদের পাঁচালিতে শুনতে পাবে'।

সেই সঙ্গে তিনি লিখেছেন, 'শুনেছি সেদিন' যেমন করে শুরু হয়, তার বিশ্লেষণ করলে দেখবে, পাঁচালির সুর। কিন্তু আমার গান সেখানে আটকে থাকে না, সেই বীজ থেকে সে গাছ হয়ে ওঠে। আমি সচেতন ভাবে পাঁচালি ভাবিনি, কিন্তু নিশ্চয় আমার শোনার ভিতরে যা ছিল, তার থেকেই আমার সুর জন্ম নিয়েছে।

মৌসুমী যোগ করেন,'আসলে কী জানো? ছায়া আমরা সবাই বহন করি। জেনে অথবা না জেনে। আমিও। তুমিও। আমরা যা চিনি, যাকে চিনি, তার ছায়া দেখি অন্যের মুখে। তোমার দেখাতে অথবা শোনাতে কোনো ভুল নেই কিন্তু তার মানে একেবারেই এই নয় যে এই গানের সঙ্গে আমার গানের কোনও সম্পর্ক আছে। আর থাকেও যদি, তাতেই বা কী এসে যায়? সত্যি যদি হুবহু কেউ একজনের থেকে কিছু নিয়ে কপি করে নিজের বলে চালায়, তখন ভাবা উচিত অবশ্যই, না হলে এভাবে ভেবো না'।

Advertisement

মৌসুমী ভৌমিকের পোস্ট।
মৌসুমী ভৌমিকের পোস্ট।

গানেও বিতর্ক

'তু মিল যায়ে' গানটি গেয়েছেন বাংলার অরিজিৎ সিং ও মধুবন্তী। এছাড়া জনপ্রিয় গায়ক এড সিরিন গেয়েছেন ইংরেজির অংশটা। সুর দিয়েছেন সচিন-জিগার। গানটি নিয়ে শুরু থেকেই বিতর্ক। অনেকেরই দাবি, গানটি দেখে শাহরুখের পাঠান এবং জওয়ান ছবির কথা মনে করিয়ে দিচ্ছে। গানের দৃশ্যায়নে নতুনত্ব নেই। সেই 'ঝুমে জো পাঠান' আর 'বেশরম রং'-এর আর একটা অংশ। খালি শুধু গানের সুর ও দৃশ্য বদলেছে, কিন্তু শাহরুখ-দীপিকার সাজপোশাক এবং রসায়নে পুরনো ছবির ছাপ। 

মুক্তি কবে?

'কিং' ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে ষষ্ঠ বারের জন্য জুটি বাঁধছেন শাহরুখ ও দীপিকা। শাহরুখ-দীপিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খান, রানি মুখোপাধ্যায়, রাঘব জুয়েল, আরশাদ ওয়ারসি, জয়দীপ অহলাওয়াত এবং অভিষেক বচ্চন। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পবে ছবিটি।
 

POST A COMMENT
Advertisement