প্রণব, রাহুল (ছবি: ফেসবুক)রবিবার জল ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই শোক কখনও কাটিয়ে উঠতে পারেনি, সমগ্র টলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ। এরই মধ্যে আরও এক দুঃসংবাদ এল স্টুডিওপাড়া থেকে। প্রয়াত আরও এক অভিনেতা। মাত্র ৩৩ বছর বয়সে সব শেষ হয়ে গেল প্রণব চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রণব। এরপর তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হলেও, শেষ রক্ষা হয়নি। আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে, সদ্য প্রয়াত অভিনেতার পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে, শোকপ্রকাশ করা হয়েছে। টেলি অভিনেতার অকাল প্রয়াণে শোকবিহ্বল সকলে।
মঙ্গলবার সকালে প্রণবের মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অলোকানন্দা গুহ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, "ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন, আমি আর পারছি না, কাজের খুব দরকার। এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি, কারণ অভিনয় তুমি খুব ভালই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? আমি কিছুই করতে পারলাম না..।" অন্যদিকে 'হরগৌরী পাইস হোটেল' মেগা সিরিয়ালের পরিচালক পাভেল ঘোষ, প্রণবের সঙ্গে অতীত ছবি পোস্ট করে লেখেন, 'তোমাকে আর বকার সুযোগ হবে না…।'
মূলত ছোটপর্দায় একাধিক ধারবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন প্রণব। কালার্স বাংলার 'বসন্ত বিলাস মেসবাড়ি', জি বাংলার 'ভগবান দাস-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও আরও একাধিক মেগায় জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না, এজন্যে একটি ইউটিউব চ্যানেল খোলেন প্রণব। ঘটনাচক্রে, সেই চ্যানেলের জন্যে প্রণবকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। প্রয়াত অভিনেতার ফেসবুক পেজে জ্বলজ্বল করছে রাহুলের এই ভিডিওটি।
প্রণবের মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট, কমেন্ট করছেন তাঁর পরিচিতরা। সে তালিকায় রয়েছেন টলিপাড়ার অনেকেই। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই অভিনেতার অকাল মৃত্যুতে শোকবিহ্বল বাংলা টেলিদুনিয়া।