ঋতাভরী চক্রবর্তী ঋতাভরী চক্রবর্তী সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেন টলিউড অভিনেত্রী। সম্প্রতি নায়িকা তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেছেন বার্থডে পার্টির কিছু ঝলক। একেবারে কাছের মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করলেন নায়িকা। সঙ্গে ছিলেন প্রাক্তন- বর্তমান প্রেমিক।
সাদা রঙা অফ শোল্ডার পোলকা ডটের ড্রেসে এদিন সেজেছেন বার্থডে গার্ল। বাড়িতেই ভেন্যু ছিল পার্টির। ফটো সেশনেও মাততে দেখা গেল তাঁকে। কেক কাটার সময় দেখা গেল মা শতরূপা, দিদি চিত্রাঙ্গদাকে। পরিজনদের মধ্যে এদিন সামিল হয়েছিলেন ঋতাভরীর বর্তমান প্রেমিক সুমিত আরোরা এবং প্রাক্তন প্রেমিক সৃজিত মুখোপাধ্যায়ও। সুমিতের সঙ্গে বিশেষ মুহূর্ত লেন্সবন্দিও করেছেন অভিনেত্রী।
সৃজিত- ঋতাভরীর প্রেম
অনেকেরই অজানা ঋতাভরীর সঙ্গে প্রেম করতেন সৃজিত। তবে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। মাঝে দীর্ঘ দিন দূরত্ব ছিল। তবে এখন আবার তাঁদের বন্ধুত্ব রয়েছে। প্রথমে রাখঢাক করলেও, পরে অবশ্য প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন ঋতাভরী। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, "আমি এই নিয়ে কোনও দিন বেশি কিছু বলিনি। ও যা ইচ্ছে তাই বলুক। একদম পাগল ও, আমার এজন্যই ওকে খুব পছন্দ। আমরা তাও ৭-৮ বছর কথা বলিনি। কিন্তু এখন বন্ধুত্বটাকে ফিরে পেয়ে, খুব খুশি। আসলে সৃজিত এত বড় পাবলিক ফিগার, আমি ওকে নিয়ে স্বচ্ছন্দে এ বিষয়ে কথা বলব কোন যেন ভাবতেও পারিনি। কেউ একদম সহ্য করতে পারে না। কেউ পারলে ওর গায়ে মি টু ঘোষে থাকে, কেউ আবার ওকে ভীষণ পছন্দ করে। আমি ওকে নিয়ে সব রকম আলোচনায় শুনি।"
অভিনেত্রী আরও বলেছিলেন, "ও আমার কাছে গুবলু। ও এমন একজন মানুষ, যাকে আমি এবং আমার মা ভীষণ পছন্দ করি। খুব মিষ্টি একজন। খেতে ভালবাসে কাজ করতে ভালোবাসে। ছবির জন্য সব কিছু করতে পারে।আমি ওর মন ভেঙেছি। জানি এটা নিয়ে গর্ব করার কিচ্ছু নেই। কিন্তু আমি যেটা করেছি সেটা ভুল। অনেক বছর ধরে শুধু এটাই ভেবে গেছি হয়তো আমাকে ঘেন্না করে। চিটিং বা কিছু করিনি। যদিও কি আর বলব তখন আমার ২৪ বছর বয়স। মাঝখানে অনেকগুলো বছর, হয়তো ওর কোন কাজ ভাল লেগেছে ভেবেছি ফোন বা মেসেজ করে জানাই, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। ভুলটা আমারই ছিল।"
সুমিত- ঋতাভরীর প্রেম
গত বছর থেকে বারবার খবর ছাড়াচ্ছে, ফের নাকি সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। যদিও শুধু টলিপাড়া বললে ভুল হবে, কারণ পাত্রী টলিপাড়ার হলেও, পাত্র বলিপাড়ার। গত বছর, পয়লা বৈশাখের দিন বাগদান হয় ঋতাভরী- সুমিতের। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে নায়িকার বিয়ে নিয়ে আগেও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। তাই শেষ পর্যন্ত কবে তিনি গাঁটছড়া বাঁধেন, সেটা সময়ই বলবে।
প্রসঙ্গত, টেলিভিশন নিয়ে অভিনয়ের জার্নি শুরু ঋতাভরী চক্রবর্তীর। 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিকে ললিতা চরিত্রের মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। এরপর ২০২০ সালে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে শবরী চরিত্রে সকলের মনের কাছে পৌঁছেছিলেন। এই ছবি সমাজের তথাকথিত কুসংস্কার ভেঙে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প। এরপর আরও একাধিক ছবি,সিরিজে কাজ করেছেন ঋতাভরী।