
শাকিব, জ্যোতির্ময়ীর গানের দৃশ্য ছোট পর্দা থেকে বড় পর্দার নায়ক- নায়িকা হয়ে ওঠার গল্প যুগ যুগ ধরে শোন যায়। আজকের টলিউডের তাবড় তারকাদের মধ্যে অনেকেরই কেরিয়ার শুরু বাংলা টেলিভিশন থেকে। বর্তমান সময়ে, দেব তাঁর সব ছবিতে নতুনদের সুযোগ দিচ্ছেন। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পালদের পরে দেবের পরের ছবির নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে। 'প্রজাপতি ২'-র মাধ্যমে রুপোলী পর্দায় ডেবিউ করেন জ্যোতির্ময়ী। তবে এখানেই থেমে নেই তিনি। এখন তিনি শাকিব খানের নায়িকা। ইদে মুক্তি পাচ্ছে ছবিটি।
সময়টা খুব ভাল যাচ্ছে জ্যোতির্ময়ীর। কেরিয়ারে একের পর এক বড় সুযোগ পাচ্ছেন। দেবের পরে এবার তিনি কাজ করছেন শাকিব খানের বিপরীতে। বাংলাদেশের পরিচালক আবু হায়াত মাহমুদের ইদের ছবির নায়ক শাকিব। ছবির নাম 'প্রিন্স: ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা'। প্রেম ও অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ছবিতে। সম্প্রতি প্রকাশ্যে আসে, ছবির রোম্যান্টিক গান 'পরী'। গানে শাকিব- জ্যোতির্ময়ীর মাখোমাখো রসায়ন চর্চায়। বর্তমানে শাকিবের বয়স ৪৬, অন্যদিকে জ্যোতির্ময়ী মাত্র ২৬ বছরের তরুণী। দুই তারকার মধ্যে বয়সের পার্থক্য ২০ বছর হলেও, তাঁদের জুটি বেশ পছন্দ করছে দর্শক।

'প্রিন্স' ছবিতে গ্যাংস্টার চরিত্রে রয়েছেন শাকিব খান। শাকিব, জ্যোতির্ময়ী ছাড়াও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা.এজাজ, শরীফ সিরাজের মতো শিল্পীরা। জানা যাচ্ছে, ভারত, বাংলাদেশ, ছাড়াও শ্রীলঙ্কায় ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে।
প্রসঙ্গত, 'বঁধুয়া' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে জগতে পা রাখেন জ্যোতির্ময়ী। এরপরই দেবের ছবিতে সুযোগ পান। জানা গিয়েছে, পরিচালক অভিজিত্ সেনের মাধ্যমে জ্যোতির্ময়ী যোগাযোগ করেন প্রযোজনা সংস্থার সঙ্গে। পর পর ধারাবাহিকে কাজ না করে, বড় পর্দায় ব্রেক পাওয়ার চেষ্টা করছিলেন। এরপরই প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। প্রযোজকেরও মনে ছিল জ্যোতির্ময়ীর কথা। এরপর 'প্রজাপতি ২'-র নায়িকার ভূমিকায় তাঁকে মানানসই মনে হওয়ায়, ডাক পড়ে অভিনেত্রীর। গত বছর বড়দিনে মুক্তি পায় 'প্রজাপতি ২'।