Swasthya Sathi Card For Technicians: টলিউডে টেকনিশিয়ানরাও পাবেন স্বাস্থ্যসাথী, অনুমোদন দিলেন মমতা

Swasthya Sathi Scheme: গুরুবারে দারুণ সুখবর টেকনিশিয়ানদের জন্য। এবার তাঁরা পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের বিশেষ সুবিধা। টেকনিশিয়ানস স্টুডিয়োতে হবে বিশেষ ক‍্যাম্প।

Advertisement
টলিউডে টেকনিশিয়ানরাও পাবেন স্বাস্থ্যসাথী, অনুমোদন দিলেন মমতামমতা বন্দ্যোপাধ্যায়, দেব

ফের শিরোনামে টলিউড ইন্ডাস্ট্রি। একদিকে বাংলা ছবির কম ব্যবসা, সিনেমা হল বন্ধ, ইন্ডাস্ট্রির অন্দরের অশান্তি ইত্যাদি নিয়ে চর্চা চলছে। অন্যদিকে গুরুবারে দারুণ সুখবর টেকনিশিয়ানদের জন্য। এবার তাঁরা পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের বিশেষ সুবিধা। টেকনিশিয়ানস স্টুডিয়োতে হবে বিশেষ ক‍্যাম্প। দেবের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে এই ব‍্যবস্থা হয়েছে বলে খবর।
         
তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। এদিকে ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে চিন্তা-ভাবনা তাঁর সব সময়। কথা হচ্ছে দেবকে নিয়ে। প্রায় ৭০০০-রও বেশি টেকনিশিয়ানের কল্যাণে কথা ভেবে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে একটি চিঠির মাধ‍্যমে আবেদন করেন টলিউডের মেগাস্টার। এরপর মুখ‍্যমন্ত্রী তাঁর সেই অনুরোধ রাখেন।  

সোশ্যাল মিডিয়ায় দেব জানান, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র শিল্পের ৭০০০-রও বেশি পরিশ্রমী টেকনিশিয়ানের কল্যাণে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আমার অনুরোধটি রেখেছেন বলে জানাতে পেরে আমি কৃতজ্ঞ। ১৭ মার্চ টেকনিশিয়ানস স্টুডিওতে রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হবে। আমি সকল টেকনিশিয়ানকে উপস্থিত থাকার এবং এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করছি।" 

 

 

দেব আরও জানান, এতদিন পূর্ব ভারতের সিনেমা টেকনিশিয়ান ও কর্মীদের সংগঠন Federation of Cine Technicians and Workers of Eastern India (FCTWEI)-র অধীনে কাজ করা সাত হাজারেরও বেশি টেকনিশিয়ান আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫ লক্ষ টাকার একটি মেডিক্লেম সুবিধার আওতায় ছিলেন। সেই ক্ষেত্রে পরিবর্তন এসেছে। এই অর্থবর্ষ থেকে তাঁরা এই সুবিধা পাবেন না এবং অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড নেই বলে, চিন্তায় পড়েছিলেন। দেবের কাছেও পৌঁছে গিয়েছিলেন অনেকেই। এরপরই বিষয়টি নিয়ে উদ্যোগ নেন অভিনেতা-প্রযোজক তথা সাংসদ। 

Advertisement

টলিপাড়ায় যেমন পর্দার সামনে এত শিল্পী রয়েছেন, সেরকম, পর্দার পিছনেও কাজ করেন হাজার- হাজার টেকনিশিয়ান। স্বাস্থ্যসাথী নিয়ে এরকম একটা সুবিধা পেলে তাঁরা নিঃসন্দেহে অনেকটাই চিন্তামুক্ত থাকবেন।     
 

POST A COMMENT
Advertisement