প্রয়াত স্বাগত দেবাংলা সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত বিখ্যাত শিল্পী স্বাগত দে। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকার্ত বাংলার সঙ্গীত জগৎ। সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে শোকবার্তায়।
সঙ্গীত অনুরাগী বাঙালির কাছে অত্যন্ত প্রিয় স্বাগত। তাঁর 'সোনা বন্ধু রে', 'ময়না ছলাৎ ছলাৎ'-এর মতো গান আজও পছন্দের তালিকায়। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মোহিত ছিলেন অগণিত শ্রোতা।
কী হয়েছিল তাঁর?
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে স্বাগত দে-এর বয়স হয়েছিল মাত্র ৫৪। গত ২ অগাস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তিনি। প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নিজের অবর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেলেন শিল্পী।
শিল্পীরা শোকপ্রকাশ করেছেন
স্বাগত দে-এর মৃত্যুতে শোকার্ত বাংলার সঙ্গীত মহল। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, 'বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম। অনেক ভালোবাসা।'
স্বাগতকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়ও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'তারাদের দেশে ভাল থেকো…।'
লোকসঙ্গীত জগতে জনপ্রিয় নাম স্বাগত দে। তিনি বাংলা লোকগীতি, পল্লীগীতিতে ছিল তাঁর বিশেষ অবদান। পাশাপাশি আধুনিক বাংলা গানেও অনায়াস প্রবেশ ছিল তাঁর।
বর্তমানে ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মঞ্চে নিয়মিত গান পরিবেশন করতেন স্বাগত দে। তাই তাঁর মৃত্যু বাংলা সঙ্গীত জগতের বড় ক্ষতি বলেই মনে করছেন অনেকে।