রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়রবিবার সন্ধেতেই খারাপ খবর। তালসারির সমুদ্রে নেমে প্রাণ হারান টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকের শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে নেমে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। আর তাঁর মৃত্যুর পরই ধারাবাহিকের ম্যানেজার শেখর চক্রবর্তী বড় দাবি করেছেন। তিনি জানান, রাহুলকে জলে নামতে বারণ করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। তিনি সমুদ্রে নেমে যান। আর তাতেই বিপত্তি।
কী বলললেন শেখর?
একটি ধারাবাহিকের শ্যুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল। সেখানে গিয়ে সমুদ্রে নেমেছিলেন। তারপরই বিপদ। এই প্রসঙ্গে ওই ধারাবাহিকের ম্যানেজার বলেন, 'দুর্ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। প্যাক হয়ে গিয়েছিল আমাদের। শিল্পীদের হোটেল থেকে ছাড়ছিলাম তখন। সেই সময় খবর আসে রাহুল জলে নেমেছেন। ভেসে যাচ্ছেন। তারপর আমরা সেখানে যাই। সেফটি বোট ছিল। তাঁকে তোলা হল। হাসপাতালে আনতে আনতে মারা যান।'
কতক্ষণ পরে জল থেকে তোলা হয় রাহুলকে?
এই মৃত্যুর খবর সামনে আসার পরই অনেক দাবি করেছেন যে রাহুল ডুবে যাওয়ার অনেক ক্ষণ পরে তাঁকে জল থেকে তোলা হয়। যদিও বিষয়টা একবারেই তেমন নয় বলে জানা শেখর চক্রবর্তী। তিনি বলেন, 'বোট সেখানে ছিল। সঙ্গে সঙ্গেই তোলা হয়।'
পাশাপাশি তিনি জানান, 'রাহুলকে জলে নামতে বারণ করা হয়েছিল। তিনি নেমে যান।' আর রাহুলের দেহ উদ্ধার করার পর তা নিয়ে আসা হয় দিঘার হাসপাতালের মর্গে।
মাথায় রাখতে হবে, রাহুলের মৃত্যুর পরই শোকের ছায়া নেমে আসে গোটা বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাহুলের প্রয়াণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন। পাশাপাশি সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তৃণমূল নেতা তথা নাট্যকার ব্রাত্য বসু থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সহ রাজ্যের তাবড় মানুষজন তাঁর মৃতুতে শোকজ্ঞাপন করেন।
অনেকেই চাইছেন তদন্ত
তালসারিতে মৃত্যু হয়েছে রাহুলের। আর অনেকে এই মৃত্যু নিয়েও একাধিক প্রশ্ন তুলছেন। এমন পরিস্থিতিতে এই মৃত্যুর তদন্ত চাইছেন তাঁরা। যদিও এখনও পোস্টমর্টেমের রিপোর্ট আসেনি। সেটা এলেই তারপর সবকিছু পরিষ্কার হবে।
টলিউডের পরিচিত মুখ রাহুল। টেলিভিশনে পা রাখার আগে বিভিন্ন থিয়েটারে বহুদিন কাজ করেছেন রাহুল। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান খেলা-তে আদিত্য চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়ে নেন। এই সাফল্যের পর তিনি একটি চলচ্চিত্রের প্রস্তাব পান, যা তাকে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়। সম্প্রতি রাহুলের পডকাস্ট প্রোগ্রাম 'সহজ কথা'ও বেশ জনপ্রিয় হয়েছে। একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একটা দীর্ঘ সময়ে দেখা গিয়েছিল ধারাবাহিকেও। এরপর একটা লম্বা সময়ের বিরতি কাটিয়ে ফের ফিরেছিলেন ধারাবাহিকে। তারপর এত বড় বিপত্তি।