টাইগার থ্রি দেখতে গিয়ে হলের মধ্যেই বাজি পোড়ালেন সলমন অনুরাগীদের একাংশ। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১২ নভেম্বর, দীপাবলিতে মুক্তি পায় 'টাইগার 3'। হলে হলে ভিড় জমান সলমন খান ভক্তরা। অনুরাগীদের উন্মাদনার নানা ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তারই মধ্যে একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, উৎসাহের চোটে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন একদল সলমন অনুরাগী। সিনেমা হলের মধ্যেই বাজি পোড়াতে শুরু করে দেন তাঁরা। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, সিনেমা হলের মধ্যেই দেদার বাজি পোড়াচ্ছে একদল 'সল্লুভাইয়ের ভক্ত'। বলা হচ্ছে, মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওয়ের মোহন সিনেমার ভিডিয়ো এটি। ভিডিয়োতে অন্যান্য দর্শকরা প্রাণভয়ে হলের ভিতরে হুড়োহুড়ি করতে দেখা গিয়েছে। দৃশ্যতই হই-হট্টগোলের পরিবেশ সৃষ্টি হয়।