সিবিআই এবং মুজফ্ফরনগর পুলিশের যৌথ অভিযানে উত্তরপ্রদেশের ছাপার টোল প্লাজা এলাকা থেকে ধরা পড়ে অভিযুক্ত। শুভেন্দু অধিকারীর পিএ খুনের ঘটনায় বড় সাফল্য সিবিআইয়ের। মামলার অন্যতম মূল অভিযুক্ত রাজকুমারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি সিবিআই এবং মুজফ্ফরনগর পুলিশের যৌথ অভিযানে উত্তরপ্রদেশের ছাপার টোল প্লাজা এলাকা থেকে ধরা পড়ে অভিযুক্ত। তদন্তকারীদের দাবি, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল সে।
সোমবার ভোরে এনএইচ-৫৮ হাইওয়ের ছাপার টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই রাজকুমারকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের বলিয়া জেলায়। দীর্ঘ দিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল সিবিআই। উল্লেখ্য, এই খুনে জড়িত অপর অভিযুক্তকেও এই বলিয়া জেলা থেকেই ধরেছিলেন তদন্তকারীরা।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর পিএ খুনের মামলায় রাজকুমারের নাম অনেক আগেই সামনে এসেছিল। ঘটনার পর থেকেই সে গা-ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সিবিআই।
গ্রেফতারের পর রাজকুমারকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রের খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনার নেপথ্যে থাকা সম্ভাব্য চক্র এবং অন্য অভিযুক্তদের সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করা হবে।
যদিও এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় সিবিআইয়ের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্তকারীরা আপাতত গোটা ঘটনাকে ঘিরে একাধিক দিক খতিয়ে দেখছেন। অভিযুক্তের কল রেকর্ড এবং গত কয়েক দিনের গতিবিধিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত ৬ মে রাত ১১টা নাগাদ মধ্যমগ্রামে চন্দ্রনাথ দত্তের স্করপিয়ো গাড়ি আটকে খুব কাছ থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। সূত্রের দাবি, তাঁর বুকে তিনটি এবং পেটের কাছে একটি গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন গাড়ির চালকও।