বার্ধক্য, অসুস্থ পরিজনের পরিচর্যা, আর্থিক অনটন এবং মানুষের জটিল মনস্তত্ত্ব বুঝতে হবে।Haridevpur Mother Murder Case: মায়ের বয়স ৮৫। দীর্ঘদিন ধরে অসুস্থ। ছেলের বয়স ৬০-এর কাছাকাছি। সেই মাকেই খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। কলকাতার হরিদেবপুরের ঘটনাকে শুধুই একটি সাধারণ খুনের ঘটনা ভাবলে ভুল করবেন। এর কারণ বুঝতে হলে, বার্ধক্য, অসুস্থ পরিজনের পরিচর্যা, আর্থিক অনটন এবং মানুষের জটিল মনস্তত্ত্ব বুঝতে হবে। ঘটনার পর বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। তাতে লেখা, 'মাকে মুক্তি দিলাম।' এই একটি বাক্যই রীতিমতো ভাবাচ্ছে সকলকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাগর ঘোষ নিজেই ১০০ ডায়াল করে মাকে খুনের কথা জানান। তদন্তকারীদের দাবি, জেরায় তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মায়ের চিকিৎসার খরচ সামলাতে পারছিলেন না। বৃদ্ধার দেহে শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা।
তবে আর্থিক অনটনই খুনের একমাত্র কারণ কি না, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের মানসিক অবস্থা এবং অতীতের পারিবারিক ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের দাবি, লকডাউনের সময় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। প্রৌঢ় কিন্তু বেশ শিক্ষিত। ইঞ্জিনিয়ার। তবে বেশ কয়েক বছর ধরে কোনও চাকরি বা পেশার সঙ্গে যুক্ত নন।
'মুক্তি' দেওয়ার ভাবনা
মনস্তত্ত্বের দিক থেকে এমন ঘটনায় কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অসুস্থ মানুষের পরিচর্যা করতে গিয়ে পরিচর্যাকারীর মধ্যে শারীরিক ক্লান্তি, ঘুমের অভাব, আর্থিক উদ্বেগ এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। মনোবিজ্ঞানে একে অনেক সময় 'কেয়ারগিভার বার্নআউট'(Caregiver Burnout) বলা হয়। নিজের জীবন থমকে গিয়েছে। পরিস্থিতির আর কোনও সমাধান নেই। এমন একটি অসহায় অনুভূতিও তৈরি হতে পারে।
কখনও পরিচর্যাকারী নিজের সিদ্ধান্তকেই অসুস্থ ব্যক্তির জন্য ভাল বলে ভাবতে শুরু করেন। 'কষ্ট থেকে মুক্তি' দেওয়ার যুক্তি দিয়ে নিজের কাজকে নৈতিক বলে ব্যাখ্যা করার প্রবণতাও দেখা যায়।
অপরাধমনস্তত্ত্বে এমন আত্মপক্ষসমর্থনের একাধিক নজির রয়েছে। তবে হরিদেবপুরের অভিযুক্তের ক্ষেত্রেও ঠিক এই মনস্তত্ত্ব কাজ করছে কিনা, সেটাই দেখার। বলাই বাহুল্য, পরিচর্যার ক্লান্তি কখনই খুনের অজুহাত হতে পারে না।
দেশ-বিদেশে এমন বহু ঘটনার নজির রয়েছে
২০২০ সাল। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে ৩৬ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে অসুস্থ, শয্যাশায়ী মাকে খুনের অভিযোগ উঠেছিল। মায়ের অবস্থা সহ্য করতে না পেরে তাঁকে 'মুক্তি' দিয়েছেন বলে পুলিশকে জানিয়েছিলেন অভিযুক্ত। হরিদেবপুরের ঘটনার সঙ্গে তার মিল রয়েছে।
জাপানেও পরিচর্যাকারীর হাতে বৃদ্ধ পরিজনের মৃত্যুর নজির রয়েছে। সেদেশে এই নিয়ে রীতিমতো গবেষণাও হয়েছে। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে সংবাদপত্রের প্রতিবেদন বিশ্লেষণ করে একটি সমীক্ষা প্রকাশিত হয়। তাতে পরিচর্যাকারীর হাতে খুন, বা তারই সহায়তায় আত্মহত্যার ৬৬৩টি কেসের উল্লেখ রয়েছে। সাম্প্রতিক গবেষণাতেও দেখা যাচ্ছে, এই সব ক্ষেত্রেই আর্থিক চাপ, একাকিত্ব এবং দীর্ঘদিন ধরে কারও পরিচর্যা করার ক্লান্তিই কমন ফ্যাক্টর।
এর উপায় কী?
মনোবিদদের মতে, অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধার পরিচর্যার দায়িত্ব পরিবারের এক জনেরই ঘাড়ে পড়লে বিপদ বাড়তে পারে। চিকিৎসার খরচ, মানসিক সহায়তা, পরিচর্যার ব্যবস্থা এবং সামাজিক স্তরে নজরদারি প্রয়োজন। পরিবারের কোনও সদস্য দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় থাকলে তাঁর পাশে দাঁড়ানো প্রয়োজন। প্রয়োজনে পাড়া-প্রতিবেশীদেরও তাঁদের পাশে দাঁড়াতে হবে।