মাওবাদী নেত্রীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (ছবি: প্রতীকী))পূর্ব ও পশ্চিম সিংভূম এলাকায় সক্রিয় এক মাওবাদী নেত্রীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই মাওবাদী নেত্রীর নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। বয়স ৬০ বছর। তাকে উত্তর কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভাল নয় বলে জানিয়েছে পুলিশ।
যতদূর খবর, এই নেত্রীর বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়। তার মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। তাকে উত্তর কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এই বিষয়টি নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এক মাওবাদী নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই নেত্রী নদিয়ার চাকদহের বাসিন্দা। তার কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি। ওই নেত্রীর বয়স হয়েছে। তার স্বাস্থ্যের হাল ভাল নয়।
তিনি দাবি করেন, এই নেত্রীর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। এই মহিলা নেত্রী ঝাড়খণ্ডে সক্রিয় ছিল। সেই কারণে ঝাড়খণ্ড পুলিশ এখানে এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান তিনি।
যদিও কার সঙ্গে দেখা করতে শ্রদ্ধা বিশ্বাস এখানে এসেছিল, কী প্ল্যান ছিল তার- এই সব বিষয়গুলি এখনও জানা যায়নি। এগুলি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরই জানা যাবে বলে জানান কমিশনার।
ওদিকে এদিনই কলকাতা পুলিশের কাছে আরও এক মাওবাদী নেতা সারেন্ডার করল। তার নাম মাধাই পাত্র। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাওবাদীদের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছে। এখন এই মাওবাদী নেতা সাধারণ জীবনযাপন করতে চাইছে। তাই সে পুলিশের কাছে ধরা দিল বলে দাবি করেছে।
মাধাইয়ে কথায়, 'পার্টিতে যুক্ত হওয়ার সময় রীতিনীতি ভাল ছিল। কিন্তু পরে সব বদলে যায়। সমাজের পরিবর্তন হয়েছে। সেই সব বিচার করে সমাজে মুখ্য ধারায় ফিরে আসার চিন্তা করেছি। মুখ্যধারায় কাজকর্ম করতে চাই।'
ওই নেতার আরও বক্তব্য, 'অনেক সংগঠনে কাজ করেছি। শেষবার ছিলাম সারেন্ডায়। ওখানে থেকে আমার শারীরিক অবস্থা খারার হয়ে যায়। আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে এসে সারেন্ডার করতে এসেছি।'