School Student Murdered : স্কুলের হস্টেলে রক্তারক্তি, ক্লাস নাইনের হাতে খুন সহপাঠী, গুরুতর জখম ৭

এদিকে ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কও তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ প্রথমে জানায়, ছাত্রদের উপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে। কিন্তু নিহত ছাত্রের পরিবারের দাবি, তাদের সন্তানের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement
স্কুলের হস্টেলে রক্তারক্তি, ক্লাস নাইনের হাতে খুন সহপাঠী, গুরুতর জখম ৭ অভিযুক্ত ছাত্র পলাতক
হাইলাইটস
  • স্কুলের হস্টেলে নবম শ্রেণির এক ছাত্রের সহপাঠীদের উপর হামলা
  • লোহার রড দিয়ে ওই ছাত্র একাধিক সহপাঠীকে আক্রমণ করে

স্কুলের হস্টেলে নবম শ্রেণির এক ছাত্রের সহপাঠীদের উপর হামলা। লোহার রড দিয়ে ওই ছাত্র একাধিক সহপাঠীকে আক্রমণ করে। যার জেরে এক ছাত্রের মৃত্যু হয়। জখম অন্তত সাতজন। অভিযুক্ত ছাত্র বর্তমানে পলাতক, তাকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বল্লারি জেলাযর এক বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের হস্টেলে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে হস্টেলের ভেতরে কিছু ছাত্রের মধ্যে বচসা হয়। সেই তর্কাতর্কির জেরেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় নবম শ্রেণির এক ছাত্র হস্টেলের একটি খাটের লোহার রড খুলে নিয়ে সহপাঠীদের উপর হামলা চালাতে শুরু করে। আকস্মিক এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হস্টেলে।

হামলায় এক ছাত্র গুরুতরভাবে জখম হয় এবং পরে তার মৃত্যু হয়। বাকি সাতজন ছাত্রও গুরুতর জখম। ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষ এবং হস্টেলের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে বল্লারির বিজয়নগর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (ভিআইএমএস) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কও তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ প্রথমে জানায়, ছাত্রদের উপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে। কিন্তু নিহত ছাত্রের পরিবারের দাবি, তাদের সন্তানের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, প্রকৃত ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ। তারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

নিহত ছাত্রের বাবা-মা শোকস্তব্ধ অবস্থায় জানিয়েছেন, কীভাবে একটি স্কুল হস্টেলের ভেতরে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে তা তাঁরা বুঝতে পারছেন না। তাদের অভিযোগ, অভিযুক্ত ছাত্র হয়তো মাদকাসক্ত হতে পারে। সেই কারণেই সে এতটা হিংস্র হয়ে পড়েছিল। একই সঙ্গে তারা স্কুল প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগও তুলেছেন। তাদের প্রশ্ন, হস্টেলের মধ্যে এত বড় হামলা ঘটল অথচ কর্তৃপক্ষ আগে থেকে কিছুই টের পেল না কেন?

Advertisement

ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্র ঘটনার পর থেকেই পলাতক। তাকে ধরতে বিশেষ দল গঠন করে তল্লাশি শুরু হয়েছে। আশপাশের এলাকা এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালানো হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, হামলায় সত্যিই লোহার রড ব্যবহার করা হয়েছে নাকি অন্য কোনও অস্ত্র, সেসব খতিয়ে দেখা হচ্ছে। জখম ছাত্রদের বক্তব্য এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগোবে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা বল্লারি জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি স্কুল হস্টেলের ভেতরে এমন নৃশংস হামলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই মনে করছেন, আবাসিক স্কুলগুলিতে ছাত্রদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর দেওয়া জরুরি। তদন্তের পরই ঘটনার আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

POST A COMMENT
Advertisement