Red Fort Suicide Attack : লালকেল্লায় আত্মঘাতী হামলা চালিয়েছিল উমর, গাড়ির ভিতরেই ছিল সে; চার্জশিটে চাঞ্চল্যকর দাবি NIA-র

NIA-র চার্জশিটে আরও দাবি করা হয়েছে, হামলার জন্য কোনও নির্দিষ্ট তারিখ আগে থেকে ঠিক করা ছিল না। তবে সেই সময় কাশ্মীরে একের পর এক গ্রেফতারির পর নবির মধ্যে আশঙ্কা তৈরি হয়, তাদের ষড়যন্ত্র হয়তো তদন্তকারী সংস্থার নজরে চলে এসেছে।

Advertisement
লালকেল্লায় আত্মঘাতী হামলা চালিয়েছিল উমর, গাড়ির ভিতরেই ছিল সে; চার্জশিটে চাঞ্চল্যকর দাবি NIA-র PHOTO - PTI
হাইলাইটস
  • চার্জশিট অনুযায়ী, আচমকা এই হামলা হয়নি
  • প্রায় দু’বছর ধরে হামলার পরিকল্পনা চলছিল

লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করল জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। চার্জশিটে তদন্তকারী সংস্থার দাবি, ২০২৬ সালের ১০ নভেম্বর বিস্ফোরণের সময় অভিযুক্ত উমর উন নবি তার চালানো Hyundai i20 গাড়ির ভিতরেই ছিল। গাড়ির ভিতর থেকে বিস্ফোরক যন্ত্র সক্রিয় করার ফলেই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ১৫ জনের।

NIA জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জৈব নমুনার DNA পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণের সময় উমর উন নবি গাড়ির ভিতরেই ছিল। 

প্রায় দু’বছরের ষড়যন্ত্রের অভিযোগ

চার্জশিট অনুযায়ী, আচমকা এই হামলা হয়নি। প্রায় দু’বছর ধরে হামলার পরিকল্পনা চলছিল। গোটা ষড়যন্ত্রের অন্যতম মূল পরিকল্পনাকারী উমর উন নবি। সে আনসার গাজওয়াত উল হিন্দের মডিউলকে ফের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছিল। তাকেই অপারেশনাল ইনচার্জ হিসেবে চিহ্নিত করেছে NIA। সংস্থা চার্জশিটে আরও উল্লেখ করেছে, ২০২২ সালের গোড়া থেকেই নবি ওই মডিউলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিল। ধীরে ধীরে এমন একটি নেটওয়ার্ক তৈরির চেষ্টা করা হয়, যেখানে উগ্রপন্থায় প্রভাবিত ব্যক্তিদের একত্রিত করে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানো যায়। 

২০২৩ থেকেই লালকেল্লায় নজর?

চার্জশিটে জানানো হয়েছে, লালকেল্লাকে হামলার জন্য চিহ্নিত করার কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ। নবি এবং অন্য কয়েকজন অভিযুক্ত একাধিকবার লালকেল্লায় রেকি করেছিল। লালকেল্লাকে শুধুমাত্র একটি পর্যটনকেন্দ্র হিসেবে নয়,‘ভারতীয় রাষ্ট্রের প্রতীক’ বিবেচনা করেই হামলার লক্ষ্য করা হয়েছিল। 

গ্রেফতারের আশঙ্কায় তড়িঘড়ি হামলা?

NIA-র চার্জশিটে আরও দাবি করা হয়েছে, হামলার জন্য কোনও নির্দিষ্ট তারিখ আগে থেকে ঠিক করা ছিল না। তবে সেই সময় কাশ্মীরে একের পর এক গ্রেফতারির পর নবির মধ্যে আশঙ্কা তৈরি হয়, তাদের ষড়যন্ত্র হয়তো তদন্তকারী সংস্থার নজরে চলে এসেছে। তাই সে বিস্ফোরণের পরিকল্পনা দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নেয়। তারই ফলশ্রুতি এই হামলা। 

গাড়িটিই হয়েছিল বিস্ফোরক বাহক

Advertisement

চার্জশিটে ব্যবহৃত গাড়িটিকে বিস্ফোরক বাহক হিসেবে উল্লেখ করেছেন তদন্তকারীরা। তদন্তের সময় বিভিন্ন রাসায়নিক এবং পরীক্ষাগার-সংক্রান্ত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে NIA। উদ্ধার হওয়া সামগ্রী থেকে বিস্ফোরক প্রস্তুত ও সংরক্ষণের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। ফরেন্সিক পরীক্ষাতেও বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া কিছু নমুনায় TATP এবং অ্যামোনিয়াম নাইট্রেটের উপস্থিতির কথা চার্জশিটে উল্লেখ করা হয়েছে। NIA-র দাবি, বিস্ফোরক যন্ত্রটি গাড়ির ভিতর থেকেই একটি কমান্ড মেকানিজমের মাধ্যমে সক্রিয় করা হয়েছিল।


নবির বিরুদ্ধে কী কী অভিযোগ?

NIA-র চার্জশিটে উমর উন নবির বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি,মডিউলের সদস্যদের উগ্রপন্থী মতাদর্শে প্রভাবিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গোপন বৈঠকের আয়োজন, প্রশিক্ষণের ব্যবস্থা, অর্থের জোগান, বেআইনি অস্ত্র সংগ্রহ এবং মডিউলের জন্য প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে অভিযোগ।

তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্তরা যোগাযোগের জন্য সিগন্যালের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করত। জম্মু-কাশ্মীর এবং দিল্লি-NCR-এর বিভিন্ন জায়গায় গোপন বৈঠকও হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে NIA।

যদিও চার্জশিটে থাকা অভিযোগগুলি এখনও আদালতে বিচারাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়াই চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি হবে।

POST A COMMENT
Advertisement