দিনে ৪ ঘণ্টা কাজ করেন চেতন ভগত 'আমি দিনে ৪ ঘণ্টা কাজ করি। সেটাই যথেষ্ট। যদি সেই সময়টা মন দিয়ে কাজ করা যায়।' সম্প্রতি বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে এমনটাই বললেন লেখক, মোটিভেশনাল স্পিকার এবং TEDx স্পিকার চেতন ভগত।
নিজের জীবন ও কাজের পদ্ধতি নিয়ে বিশদে বলেন চেতন। তিনি জানান, যদি কেউ সত্যিই দিনে ৪ ঘণ্টা কাজ করেন, সেটাই একবারে যথেষ্ট।
তবে তিনি জানিয়ে দিয়েছেন, এই ৪ ঘণ্টার মধ্যে অফিসের মিটিং, ব্রেক, ওয়াই-ফাইয়ের সমস্যা বা অফিসে চলতে থাকা অন্যান্য নানা ধরনের বিষয়কে ধরলে চলবে না। এই ৪ ঘণ্টায় প্রায়োরিটি অনুযায়ী কাজ করতে হবে বলেও দাবি করলেন তিনি।
আর চেতন এমন সময় এই মন্তব্য করেছেন, যখন ভারত সহ গোটা বিশ্বের অফিসে কাজের সময় নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। কর্মীদের কত ঘণ্টা কাজ করা উচিত, সেই সময়টা কীভাবে কাজে লাগানো উচিত, তা নিয়েও আলোচনা চলছে।
আসলে ৩ অক্টোবর বেঙ্গালুরুতে PMSAC-এর ১৮তম সংস্করণে অংশ নিয়েছিলেন চেতন ভগত। সেখানে শতাধিক ইন্ড্রাস্ট্রি এক্সপার্ট উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মোটিভেশনাল স্পিকার এবং Grant Thornton Bharat-এর CLO অঙ্কিত ঝাম্ব, IBM-এর ম্যানেজিং পার্টনার ও ক্লায়েন্ট ইনোভেশন সেন্টার লিডার (ভারত) ঊষা শ্রীকান্ত এবং বিভিন্ন স্টার্টআপের প্রতিষ্ঠাতারাও।
কীভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা যায়?
এই প্রশ্নের উত্তরটাও দিয়েছেন চেনত। তিনি বলেন, 'আপনি কী করছেন, তাতে কেউ মাথা ঘামাবে না, যদি না আপনি নিজে... এমন কাজ করুন যা আপনাকে খুশি করে। জীবনের ১১টি নিয়ম মেনে চলুন।'
তবে তাঁর বক্তব্যের মূল কথা শুধু ৪ ঘণ্টা কাজ করে বাকি সময় কাজ থেকে দূরে থাকা নয়। বরং কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি ঠিক করে সেই কাজে নিজের পুরো মনোযোগ দেওয়া জরুরি।
'জীবনের ১১টি নিয়ম'
চেতন ভগত তাঁর জনপ্রিয় বইয়ের কিছু ধারণা নিয়েও বক্তব্য রাখেন। সেখানে তিনি জীবনের ১১টি নিয়ম নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য এবং নিজেকে গুছিয়ে নেওয়ার মতো বিষয়।
তাঁর পরামর্শ সহজে নিজের শরীরের যত্ন নিন, ঘুমের সময় ঠিক করুন, কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন এবং ভাল সময় আসার অপেক্ষা না করে কাজ শুরু করুন।
বর্তমানে কর্পোরেট জীবনেও এই আলোচনার গুরুত্ব রয়েছে। কর্মক্ষেত্রের সংস্কৃতি নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে।
এই প্রেক্ষাপটে চেতন ভগতের ৪ ঘণ্টা কাজের মন্তব্যকে হয়তো গুরুত্ব দিয়ে দেখতে চাইছেন বিশেষজ্ঞরা। চেতনের মতে, কোন কাজটি গুরুত্বপূর্ণ সেটি ৮ ঘণ্টা মনোযোগ দিয়ে করুন। তাহলেই কাজ হবে।