লোকসভায় সিট বৃদ্ধিডিলিমিটেশন নিয়ে দু'টি বড় সিদ্ধান্ত আজ বিবেচনা করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রথমত, সব রাজ্যের লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানো। দ্বিতীয়ত, জনগণনার সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার সম্পর্ক ছিন্ন করা। এই দুই গুরুত্বপূর্ণ প্রস্তাব বিবেচনা করতে পারে কেন্দ্রীয় সরকার। এমনটাই খবর সূত্রের।
আসলে শুক্রবার দুপুর ১টায় হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। তারপরই এই বিষয়ে ঘোষণা করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত আইন কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। সেই টার্গেট নিয়েই ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত প্রস্তাবগুলি নিয়ে নতুন করে উদ্যোগ শুরু হয়েছে। গত এপ্রিলে সংসদে প্রয়োজনীয় সমর্থন পায়নি এই সংক্রান্ত বিল। যার ফলে বিল পাশ করানো সম্ভব হয়নি।
তবে হাল ছাড়েনি কেন্দ্রীয় সরকার। তারা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে। সেই সময় এই দুই বিল নিয়ে আলোচনা হতে পারে। তার আগে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে।
আসলে ৩০ নভেম্বর থেকে ফের বসবে লোকসভা। রাজ্যসভায় অধিবেশন শুরু হবে ২ ডিসেম্বর। এর আগে ১৩ অগস্ট বর্ষাকালীন অধিবেশনের কাজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে অধিবেশন শেষ করার ঘোষণা করা হয়নি। এবার নতুন করে অধিবেশন শুরু হচ্ছে। তার আগেই বৈঠকে বসছে কেন্দ্র। আর সেই বৈঠকের দিকে নজর রয়েছে গোটা দেশের।
আগেরবার বিল পাশ করানো যায়নি
২০২৬ সালের ১৭ এপ্রিল লোকসভায় সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬ পাশ করানো যায়নি। বিলটির পক্ষে ভোট পড়েছিল ২৯৮টি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩৫২টি ভোট। ফলে প্রয়োজনীয় সমর্থনের থেকে ৫৪টি ভোট কম পড়ে।
এই সংবিধান সংশোধনী বিলের সঙ্গে ডিলিমিটেশন বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইন সংশোধনী বিল, ২০২৬ যুক্ত ছিল। সংবিধান সংশোধনী বিলটি পাশ না হওয়ায় বাকি দু'টি বিলও সংসদে আলোচনার জন্য তোলা হয়নি। এখন দেখার এবার এই বিলটি পাশ হয় কি না।