গির অরণ্যে ৭ সিংহর অস্বাভাবিক মৃত্যু, কোয়ারেন্টাইনে ১৭; বাড়ছে উদ্বেগ

গুজরাতে গির অরণ্যে ৭ সিংহের মৃত্যু। ভাইরাসের সংক্রমণের কারণে একের পর এক সিংহর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

Advertisement
গির অরণ্যে ৭ সিংহর অস্বাভাবিক মৃত্যু, কোয়ারেন্টাইনে ১৭; বাড়ছে উদ্বেগ গিরে সিংহর মৃত্যু
হাইলাইটস
  • গুজরাতে গির অরণ্যে ৭ সিংহের মৃত্যু
  • ভাইরাসের সংক্রমণের কারণে একের পর এক সিংহর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন

গুজরাতে গির অরণ্যে ৭ সিংহের মৃত্যু। ভাইরাসের সংক্রমণের কারণে একের পর এক সিংহর মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যসভার সাংসদ ও পশুপ্রমী পরিমল নাথওয়ানি আশঙ্কা প্রকাশ করেছেন।

সাংসদ পরিমল নাথওয়ানি জানিয়েছেন, গির অঞ্চলে Canine Distemper Virus (CDV) এবং Babesia সংক্রমণের জেরে সিংহের মৃত্যু হচ্ছে। তিনি কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গুজরাতের বন ও পরিবেশমন্ত্রী অর্জুন মোধওয়াদিয়াকে চিঠি লিখে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন। আক্রান্ত সিংহদের দ্রুত চিকিৎসা, মৃত্যুরোধ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

নাথওয়ানি চিঠিতে লিখেছেন, গির ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ ও বন দফতর দিনরাত কাজ করছে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে এবং সিংহদের বাঁচানো যায়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উচ্চপর্যায়ের বৈঠকও করেন। বৈঠকে জানানো হয়েছে, গির গাধাদা ও বাবরিয়া এলাকার ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত সিংহের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। এখনও নতুন করে অসুস্থতার উপসর্গ পাওয়া যায়নি। আমরেলি ও ভাবনগর জেলার বিভিন্ন এলাকায় বন দফতর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে এবং প্রতিদিন রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে।

গ্রীষ্মের শুরুতে দেখা দেওয়া মৌসুমি রোগ থেকে সিংহদের রক্ষা করতে গির অঞ্চলের ৩৫০টিরও বেশি সিংহের স্বাস্থ্যপরীক্ষা, ডি-টিকিং ও অন্যান্য স্বাস্থ্যবিধিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কাজে জুনাগড় ভেটেরিনারি কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের চিকিৎসক ডঃ জয়পাল সিং। 

তিনি জানান, মৃত সিংহগুলির শরীরে সংক্রামক ভাইরাসের উপসর্গ মিলেছে। তবে সেটি নিশ্চিতভাবে CDV কি না, তা এখনও বলা যাচ্ছে না। নমুনা সংগ্রহ করা হয়েছে এবং রিপোর্ট পেতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৭টি সিংহকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে আটটি সিংহের শরীরে সংক্রামক ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্ত সিংহদের চিকিৎসায় ১২ জন পশুচিকিৎসকের একটি বিশেষ দল ২৪ ঘণ্টা কাজ করছেন। 

Advertisement

গির অরণ্য প্রশাসন সূত্রে খবর, সিংহগুলির আগে থেকে কোনও শারীরিক সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে ব্যাপক সংখ্যক বনকর্মী মোতায়েন করা হয়েছে। বর্তমানে প্রায় ২৫০ জন বন দফতরের কর্মী এই অভিযানে যুক্ত রয়েছেন। এছাড়াও জামনগর, সুরাত, রাজকোট, কচ্ছ ও জুনাগড় থেকে ২০ জনেরও বেশি বন আধিকারিক ও কর্মীকে গিরে আনা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন RFO, বনরক্ষী ও বনকর্মীরা। উল্লেখযোগ্যভাবে, এঁদের অনেকেই আগে গির অরণ্যে কাজ করেছেন এবং পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞ হওয়ায় ফের তাঁদের দায়িত্বে আনা হয়েছে।

POST A COMMENT
Advertisement