
খুব শীঘ্রই ভারত ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে আনুষ্ঠানিক প্রক্রিয়া। ভারতীয় বায়ুসেনার জন্য ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার লেটার অফ রিকোয়েস্ট (LoR) চূড়ান্ত হয়ে গিয়েছে। ফ্রান্সের কাছে তা পাঠানোর তোড়জোড় চলছে বলে সূত্রের খবর।
তবে এই চুক্তি শুধু যুদ্ধবিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। প্রস্তাব অনুযায়ী, ১১৪টির মধ্যে প্রায় ৯০টি রাফাল যুদ্ধবিমান ভারতেই তৈরি হবে। যেখানে ফরাসি সংস্থা দাঁসো অ্যাভিয়েশন এবং একটি ভারতীয় কোম্পানির যৌথ অংশীদারিত্ব থাকবে। বাকি বিমানগুলি সরাসরি ফ্রান্স থেকে প্রস্তুত অবস্থায় অর্থাৎ ফ্লাই অ্যাওয়ে কন্ডিশনেই সরবরাহ করা হবে।
এরপর কী লক্ষ্য?
LoR হল সরকারি স্তরের একটি আনুষ্ঠানিক যোগাযোগ, যা ইন্টারগভর্নমেন্টাল এগ্রিমেন্ট (IGA) কাঠামোর অধীনে প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী ক্রয়ের প্রক্রিয়া শুরু করতে ব্যবহার করা হয়। ফ্রান্স এই অনুরোধ পাওয়ার পর দাম, সরবরাহের সময়সীমা ও লজিস্টিক সহায়তার বিস্তারিত জানাবে বলে খবর। এরপর ভারত আনুষ্ঠানিক রিকোয়েস্ট ফর প্রোপোজাল (RFP) জারি করবে। দুই দেশের মধ্যে আলোচনা ও দর কষাকষির পর চূড়ান্ত চুক্তি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)-এর অনুমোদনের জন্য পাঠানো হবে।
এরই মধ্যে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) এই ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সূত্রের দাবি, ভারতীয় বায়ুসেনার ১১৪টি আধুনিক মাল্টিলেয়ার ফাইটার জেট কেনার পরিকল্পনায় রাফালই এখন সবচেয়ে এগিয়ে থাকা প্রতিযোগী।
'মেক ইন ইন্ডিয়া'-তে জোর
নয়াদিল্লি চাইছে ভারতে তৈরি হওয়া রাফাল যুদ্ধবিমানে কমপক্ষে ৫০ শতাংশ দেশীয় উপাদান থাকুক। এই শর্তটি ফরাসি কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীও ২৬টু রাফাল এম যুদ্ধবিমান অন্তর্ভূক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ফলে একই ধরনের যুদ্ধবিমান বেশি সংখ্যায় ব্যবহার করলে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও লজিস্টিক খরচ কমবে বলে মনে করা হচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ এই চুক্তি?
এই চুক্তি বাস্তবায়িত হলে তা শুধু প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকতে না। বরং ভারত-ফ্রান্ত প্রতিরক্ষা সম্পর্ককে দীর্ঘমেয়াদি শিল্প সহযোগিতার রূপ দিতে পারে। যৌথ ভাবে যুদ্ধবিমান উৎপাদন, ডিজাইন এবং ভবিষ্যতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। সব মিলিয়ে ১১৪টি রাফাল কেনার এই সম্ভাব্য চুক্তি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। সংখ্যার দিক থেকেও এবং প্রযুক্তিগত সহযোগিতার দিক থেকেও এটি তাৎপর্যপূর্ণ।