বেঙ্গালুরুতে নৃশংস হত্যাকাণ্ডনৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল 'টেক সিটি' বেঙ্গালুরু। নিজের ছেলেকে ছুরি ও হাতুড়ি দিয়ে খুন করল এক ব্যক্তি। তারপর স্ত্রীকেও হত্যার চেষ্টা চলল। তাতে সফল না হয়ে স্ত্রীকে ফ্ল্যাটেরই একটি ঘরে ৩ দিন বন্দি করে রাখল। ইতিমধ্যেই ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। শুক্রবার এই ভয়াবহ ঘটনার কথা সামনে এনেছে পুলিশ।
গত ১৬ নভেম্বর ঘটনাটি ঘটেছে। বেঙ্গালুরুর পদ্মনাভনগরের এসআরআরকে তুলসী অ্যাপার্টমেন্টে এই নৃশংশ হত্যাকাণ্ড হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছেলের নাম সোহম দাস। বাথরুম থেকে তার দেহ উদ্ধার হয়েছে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন সোহমের মা সীমা দাস। সীমার স্বামী সুদীপকেই এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় অ্যাপার্টমেন্টের বাড়িওয়ালা ৬২ বছর বয়সী বি মল্লাইয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর ওই ফ্ল্যাট ভাড়ি নিয়েছিল এই পরিবার। গত ছয় মাস ধরে পরিবারের সদস্যদের মধ্যে প্রায়ই ঝগড়া এবং অশান্তি চলছিল।
বাড়িওয়ালার আরও দাবি, তিনি একাধিকবার পরিবারটিকে শান্তিতে থাকার পরামর্শ দিয়েছিলেন। এমনকী তাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু সেই কথায় কান দেয়নি পরিবারটি।
এর মধ্যেই গত ১৬ নভেম্বর রাত ৯টা থেকে ১০টার মধ্যে ফ্ল্যাটে অশান্তির খবর দিয়ে মল্লাইয়ার কাছে ফোন যায়। ফোন করেন প্রতিবেশীরা। কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় তিনি সঙ্গে সঙ্গে সেখানে যেতে পারেননি। পরে নিরাপত্তারক্ষীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাকে জানান, সেই সময় ফ্ল্যাটে কোনও অশান্তি চলছিল না।
এর তিন দিন পর, ১৯ নভেম্বর ফ্ল্যাটে যান বাড়িওয়ালা। কিন্তু বারবার ডাকাডাকি করেও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর তিনি বানাশঙ্করী থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।
পুলিশকর্মীরা বাড়িওয়ালার সঙ্গে ওই ফ্ল্যাটে পৌঁছন। তালা খোলার মিস্ত্রির সাহায্যে রাত ১১টা নাগাদ দরজা খোলা হয়। ভিতরে ঢুকেই মেঝে ও দেওয়ালে রক্তের দাগ দেখতে পান পুলিশকর্মীরা। এরপর একটি বন্ধ ঘর থেকে মহিলার চিৎকার শুনতে পান তাঁরা।
ঘরের দরজা খুলতেই ভিতর থেকে সীমা দাসকে উদ্ধার করা হয়। পুলিশকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১৬ নভেম্বর রাতে তার স্বামী ছুরি ও হাতুড়ি দিয়ে তাকে এবং তাদের ছেলেকে আক্রমণ করেছিলেন।
সীমার অভিযোগ, স্বামী সুদীপ ছেলেকে খুন করে। এমনকী তাকেও হত্যার চেষ্টা করে। এরপর তাকে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।
বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে সুদীপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ১০৩(১) ধারা (খুন) এবং ১০৯(১) ধারা (খুনের চেষ্টা) অনুযায়ী মামলা দায়ের করেছে বানাশঙ্করী থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।