নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক।তৃণমূলের প্রতীক ও তহবিল কার? চলছে দুই গোষ্ঠীর বিবাদ। আগেই নথি চুরির অভিযোগ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার নথি চুরির আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বারস্থ হলেন নির্বাচন কমিশনের। আইনজীবী মারফর আবেদনে অভিষেক আশঙ্কা করছেন, কমিশনে পেশের আগেই জোর করে ছিনিয়ে নেওয়া হতে পারে সমস্ত নথি ও হলফনামা। কেন মমতা তৃণমূলের এই আশঙ্কা? তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক।
অভিষেকের বক্তব্য,তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে। নজর রাখা হচ্ছে তাঁর অফিস এবং বাসভবনেও। বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে কমিশনের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন অভিষেকের আইনজীবী অর্ক কে নাগ। নির্বাচন কমিশনের কাছে পাঠানো আবেদনে অভিষেকের আইনজীবী আশঙ্কাপ্রকাশ করেছেন, তাঁর মক্কেলের দফতরে ফের হামলা চালানো হতে পারে। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নথি, হলফনামা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া বা সেগুলিতে হস্তক্ষেপের চেষ্টা হতে পারে।
পুলিশের সঙ্গেও আঁতাঁতের অভিযোগ করা হয়েছে ওই আবেদনে। বলা হয়েছে, কয়েকজন পুলিশকর্মীর সহযোগিতা বা মদতে অফিস চত্বরে প্রবেশ বা হামলা চালানোর চেষ্টা করতে পারে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাদের উদ্দেশ্য, নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নথি, হলফনামা এবং অন্যান্য সামগ্রী জোর করে নিজেদের দখলে নেওয়া।
অভিষেকের আইনজীবীর বক্তব্য, শুনানি চলছে নির্বাচন কমিশনে। সেই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখানো, হলফনামা ও নথি তৈরি বা সংরক্ষণের কাজে বাধা দেওয়া বা কমিশনে পেশ করার জন্য নথি জোর করে নিয়ে নেওয়ার চেষ্টা হলে, তা মামলায় সংশ্লিষ্ট পক্ষের অংশগ্রহণের ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে। নির্বাচন কমিশনের বিচারপ্রক্রিয়া যাতে কোনও রকম ভয় দেখানো, জবরদস্তি, বেআইনি হস্তক্ষেপ বা প্রাসঙ্গিক নথি পেশের ক্ষেত্রে বাধার মুখে না পড়ে, তা নিশ্চিত করা জরুরি। মামলার প্রতিটি পক্ষেরই আইন মেনে নিজেদের নথি ও প্রমাণ প্রস্তুত, সংরক্ষণ এবং কমিশনের সামনে পেশ করার ক্ষেত্রে সমান ও অবাধ সুযোগ পাওয়া উচিত। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করেছেন অভিষেকের আইনজীবী।