মহারাষ্ট্রে আদানি গ্রিন প্রজেক্ট বন্ধ করল বন দফতর।মহারাষ্ট্রে আদানিদের প্রকল্প ঘিরে বিতর্ক। সাতারা জেলায় ১৫০ মেগাওয়াটের পাম্পড স্টোরেজ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিল বন দফতর। প্রয়োজনীয় অনুমতি না নিয়েই সংস্থা কাজ শুরু করেছে বলে অভিযোগ। সেই নির্দেশের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল আদানি গ্রিন এনার্জি লিমিটেড। সংস্থার দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সমস্ত অনুমতি পাওয়ার পরেই প্রকল্পের নির্মাণকাজ শুরু করা হয়েছে।
প্রকল্পটি আদানি গ্রিন এনার্জি লিমিটেডের। সাতারা জেলার পাটন তালুকে তৈরি হচ্ছে এই পাম্পড স্টোরেজ প্রকল্প। গত ১৩ নভেম্বর ওই নির্দেশ জারি করেছে বন দফতর। তাদের অভিযোগ, জাতীয় বন্যপ্রাণ বোর্ডের প্রয়োজনীয় অনুমতি না নিয়েই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছিল সংস্থাটি। ১৬ নভেম্বর আদানি গোষ্ঠী বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রকল্পের কোনও অংশই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে না। এমনকি ওই প্রকল্পে বনভূমির জমি ব্যবহার করা হচ্ছে না।
প্রকল্পে কী নিয়ে বিতর্ক
আদানি গ্রিন এনার্জির জলবিদ্যুৎ প্রকল্পের আনুমানিক খরচ কমানোর প্রস্তাব নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল একটি ইংরেজি দৈনিক। সেখানে বলা হয়েছিল, প্রথমে প্রকল্পটির মোট খরচ ৫৬৭৫ কোটি টাকা বলে জানিয়েছিল সংস্থা। পরে তা কমিয়ে ৫৬ কোটি ৭৫ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
২২৭ কোটি টাকার বদলে ২.২৭ কোটি
এবার বোঝা যাক, প্রকল্পের খরচের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? আসলে ওই খরচের ভিত্তিতেই বন্যপ্রাণ অভয়ারণ্যের সংরক্ষণের জন্য কত টাকা জমা দিতে হবে, তা নির্ধারিত হয়। রিপোর্ট অনুযায়ী, প্রকল্পের খরচ ৫৬৭৫ কোটি টাকা ধরা হলে সংরক্ষণের জন্য জমা দেওয়ার অর্থের পরিমাণ দাঁড়ায় ২২৭ কোটি টাকা। অন্যদিকে প্রকল্পের খরচ ৫৬ কোটি ৭৫ লক্ষ টাকা ধরা হলে সেই অর্থের পরিমাণ কমে দাঁড়ায় মাত্র ২ কোটি ২৭ লক্ষ টাকায়। ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর নোটারি করা হলফনামার মাধ্যমে প্রকল্পের খরচ সংশোধনের প্রস্তাব দিয়েছিল আদানি গোষ্ঠী। বন দফতর সেই প্রস্তাব গ্রহণও করে। এরপর সংশোধিত প্রকল্প ব্যয়ের ১ শতাংশ অর্থাৎ ৫৬ লক্ষ ৭৫ হাজার টাকা সহ্যাদ্রি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের অ্যাকাউন্টে জমাও দেয় সংস্থা। বাকি টাকা জাতীয় বন্যপ্রাণ বোর্ডের অনুমোদন পাওয়ার পর জমা দেওয়ার কথা ছিল।
আদানির দাবি কী?
যদিও আদানি গোষ্ঠীর দাবি, দুটি অঙ্ক দুটি পৃথক কাজের জন্য নির্ধারিত। ৫৬৭৫ কোটি টাকা হল গোটা প্রকল্পের আনুমানিক খরচ। এর মধ্যে নির্মাণের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং অন্যান্য পরিকাঠামোর খরচ রয়েছে। অন্যদিকে, ৫৬ কোটি ৭৫ লক্ষ টাকা হল প্রাথমিক পর্যায়ের কাজের খরচ। এর মধ্যে রয়েছে সমীক্ষা, জমি পরীক্ষা, ভূতাত্ত্বিক গবেষণা এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজ।
বন দফতরের নোটিসে কী বলা হয়েছে?
বন দফতরের অভিযোগ, জাতীয় বন্যপ্রাণ বোর্ডের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই প্রকল্পের কাজ শুরু করেছিল আদানি গোষ্ঠী। যদিও সংস্থার দাবি, প্রকল্পটি কোনও ঘোষিত সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে না। এমনকি প্রকল্পের জন্য কোনও বনভূমিও ব্যবহার করা হচ্ছে না। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এবং ওই বছরের ৭ এপ্রিল নির্মাণকাজ শুরুর অনুমতি মিলেছিল। তবে বন্যপ্রাণ সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া এখনও চলছে।
জলসংকটের আশঙ্কা
এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন সাতারা থেকে রাজ্যের মন্ত্রী শম্ভুরাজ দেশাইও। আগামী শুক্রবার বৈঠক করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। ওই বৈঠকে দফরওয়াড়ি, কিনজলওয়াড়ি এবং কালাম্বে গ্রামের বাসিন্দাদের অভিযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা। গ্রামবাসীদের আশঙ্কা, প্রকল্পের কারণে পানীয় জলের সংকট দেখা দিতে পারে। জলস্তর কমে যাওয়া এবং কৃত্রিম হ্রদ তৈরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।