অ্যাজেন্ডা আজতক ২০২৪-এর মঞ্চে অমিত শাহAgenda Aaj Tak 2024: 'এক দেশ, এক নির্বাচন' বিল মোদী মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে। শীতকালীন অধিবেশনেই সম্ভবত পেশ করা হবে সংসদে। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদে বিরোধিতা করতে প্রস্তুত। এহেন পরিস্থিতিতে এক দেশ এক নির্বাচন নিয়ে প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এক দেশ এক নির্বাচন ইস্যুতে কী বললেন শাহ?
লোকসভা ভোট ও বিধানসভা ভোটে অনেক সময়ই ইস্যু একই হয় না। বিধানসভা ভোটে রাজ্যের ইস্যু আলাদা হয়, আবার লোকসভা ভোটে কেন্দ্রের ইস্যু পৃথক হয়। সে ক্ষেত্রে এক দেশ এক নির্বাচন হলে একসঙ্গে গোটা দেশে একটি নির্বাচন কীভাবে সম্ভব? এই প্রশ্নের জবাবে শাহ বোঝালেন, ২০১৪ ও ২০১৯ সালে লোকসভা ভোট ও বিধানসভা ভোট একই সঙ্গে হওয়ার উদাহরণ।
'এই দেশে এক দেশে এক নির্বাচন অতীতে তিনবার হয়েছে'
শাহের কথায়, 'এক দেশ এক নির্বাচন নতুন কিছু নয়। এই দেশে এক দেশে এক নির্বাচন অতীতে তিনবার হয়েছে। ১৯৫২ সালে ভারতে সব নির্বাচন একসঙ্গে হয়েছিল। জওহরলাল নেহরু যখন কেরলে সরকার ভেঙে দিলেন, তখন থেকে এক দেশ এক নির্বাচন বন্ধ হয়। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীও সরকার ভেঙে দেওয়া চালিয়ে গিয়েছেন। এমনকী ১৯৭১ সালে শুধুমাত্র ভোটে জেতার জন্য লোকসভা ভেঙে দিয়েছিলেন মেয়াদের আগেই।'
এই নীতিতে লাভবান হবে শুধুমাত্র বিজেপি?
বিরোধীরা অভিযোগ করছে, এক দেশ এক নির্বাচন প্রেসিডেনশিয়াল মডেল এবং এই নীতিতে লাভবান হবে শুধুমাত্র বিজেপি। অমিত শাহ এই অভিযোগের প্রেক্ষিতে বললেন, 'এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আপনারা দেখেছেন, লোকসভা ভোট ও ওড়িশার বিধানসভা ভোট একই সঙ্গে হয়েছে। কিন্তু বিজেপি হেরে গিয়েছিল। আবার ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি ব্যাপক জয় পেলেও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল।'