NCPI-এর সাংসদরা যাতে ভোট দিতে না পারেন স্পিকারকে চিঠি অভিষেকের
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। দেশের আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণকে সামনে রেখে সীমানা পুনর্বিন্যাস বিল পাশ করানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ সরকার ৷ এই বিল পাশ হলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বৃদ্ধি পেয়ে ৮৫০ হবে। এদিকে তৃণমূল থেকে NCPI-এ যাওয়া ২০ সাংসদের তরফে লোকসভার আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এর মধ্যে খাতায় কলমে দলের ২৮ জন সাংসদকেই লোকসভার বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার কথা বলে হুইপ জারি করেছে মমতা তৃণমূল কংগ্রেস। এর মধ্যে আবার রবিবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস
এপ্রিলের পর আগামিকাল, সোমবার নতুন করে সীমানা পুনর্বিন্যাস বিল (১৩২তম সংশোধিত সংবিধান বিল, ২০২৬) পেশ করবে মোদী সরকার ৷ এই বিল পাশে বিরোধীদের মধ্যে ডিএমকে, বিজেডি, শরদ পাওয়ারের এনসিপি সরকারকে সমর্থন দেওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে ৷ এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন, আসন পুনর্বিন্যাস বিলের সংশোধনী পাস করাতে মোদী সরকারের অন্যতম ভরসা হতে চলেছে NCPI-এ মিশে যাওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সমর্থন। এখানে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, লোকসভার ভিতরে খাতায় কলমে এখনও এই ২০ জনই তৃণমূলের সাংসদ। যদিও নিজেদের অবস্থান স্পষ্ট করে ২৪ নভেম্বর নিজের অবস্থান লোকসভার অধ্যক্ষকে জানিয়ে দিয়েছেন তারা। এই আবহে বিদ্রোহী সাংসদদের ওপর চাপ বাড়াচ্ছে মমতা তৃণমূল।
হুইপ জারি অভিষেকের
লোকসভার বিশেষ অধিবেশনের আগে হুইপ জারি করেছেন মমতা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বলা হয়েছে, সোমবার, ৩০ নভেম্বর থেকে শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। এই প্রেক্ষিতে, লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে ৩০ নভেম্বর, সোমবার থেকে ৪ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত অবশ্যই লোকসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলার মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে বিজেপি এবং গদ্দাররা যে গোপন সমঝোতা করেছে, তার আরও তথ্য আগামী দিনেও প্রকাশ্যে আনা হবে বলেও জানিয়েছেন সাংসদ অভিষেক। তিনি বলেন,’আমাগী ৭২ ঘণ্টা খুব ক্রুশিয়াল।’ হুইপ জারি এবং NCPI সাংসদদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ওরা তো দেশের সাংসদ। সংবিধান খুলে ‘টেন শিডিউল’ পড়ুন। দু মাস পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকেও খারাপ পরিণতি হবে। অধ্যক্ষ ওদের NCPI হিসাবে স্বীকৃতি দিলেও টেন শিডিউল আপনার বিরুদ্ধে যাবে। আর যদি না দেয়, তাহলে হুইপ (হুইপ হল সংসদ বা বিধানসভায় কোনও রাজনৈতিক দলের তরফে তার নির্বাচিত সদস্যদের জন্য জারি করা আনুষ্ঠানিক নির্দেশ। কোনও গুরুত্বপূর্ণ বিল, আস্থা ভোট, অনাস্থা প্রস্তাব বা নির্দিষ্ট কোনও সিদ্ধান্তের উপর ভোটাভুটির সময় দলের সদস্যরা কীভাবে ভোট দেবেন, সেই নির্দেশ হুইপের মাধ্যমে দেওয়া হয়।) না মানলে একমাসের মধ্যে লোকসভার সদস্য পদ চলে যাবে।’ NCPI-এর সাংসদরা যাতে লোকসভায় ভোট দিতে না পারেন, তারজন্য স্পিকারকে চিঠিও দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বৈঠক করবেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জারি করা হুইপ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁরা আর তৃণমূলের সঙ্গে নেই, দল ছেড়ে বেরিয়ে এসেছেন। ফলে তৃণমূলের হুইপ মানার প্রশ্ন নেই বলেও স্পষ্ট করেন তিনি। এদিকে, NCPI গোষ্ঠীর সাংসদদের মধ্যে কেউ কেউ ভোটদানে বিরত থাকতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে। এই আঁচ পেয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সোমবার দিল্লিতে থাকতে বলেছে বিজেপি। তিনি এদিন NCPI সাংসদদের সঙ্গে বৈঠকও করতে পারেন বলে জানা যাচ্ছে। ভূপেন্দ্র যাদবের বাড়ি এই বৈঠক হতে চলেছে বলেই খবর। দিল্লির এই চাপানউতোরের মধ্যেই শনিবার কলকাতায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করেন শতাব্দী রায়। শনিবার দুপুরে ওই বৈঠককে ব্যক্তিগত সৌজন্য বললেও মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেবেন বলে জানান বীরভূমের সাংসদ। এখন নজর আগামিকাল, সোমবার স্পিকার এনসিপিআইকে সরকারি সিলমোহর দেন না কি নতুন কোনও রণনীতি প্রস্তুত করে তৃণমূলের দলত্যাগী এনডিএ-র এই শরিক দল।